অ্যাডেলের রেকর্ড ভাঙল ডেভিড বোওয়ির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড বোওয়ি
ডেভিড বোওয়ি

‘একদিন মুক্ত হব, উড়ে যাব পাখির মতন’—সম্প্রতি প্রয়াত ব্রিটিশ সংগীত তারকা ডেভিড বোওয়ির সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘ব্ল্যাকস্টার’-এর ‘ল্যাজারাস’ গানটির কথাগুলো এমনই। অনলাইন ভিডিও সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ভেভো’র তথ্যমতে, ডেভিড বোওয়ির মৃত্যুর ঠিক দুই দিন আগে ইউটিউবে প্রকাশিত তাঁর গান ‘ল্যাজারাস’ ইউটিউবের ‘দ্য মোস্ট ওয়াচড ভিডিওর সবগুলো রেকর্ড ভেঙেছে। এর আগে সর্বশেষ রেকর্ডটি ছিল সংগীতশিল্পী অ্যাডেলের ঝুলিতে।

বোওয়ির মৃত্যুর ঠিক দুই দিন আগে মুক্তি পাওয়া ‘ল্যাজারাস’ গানটির ভিডিওটিতে এই সংগীত তারকাকে হাসপাতালের শয্যায় শায়িত দেখা গেছে। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে ১০ জানুয়ারি পৃথিবী ছেড়ে চলে গেছেন এই বিখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী। ডেভিড চলে গেছেন ঠিকই, তবে শেষ সময়েও নিজেকে করে গেছেন অমর। তাঁর গাওয়া শেষ গানটিই তাঁকে বাঁচিয়ে রাখবে চিরদিনের জন্য।

অ্যাডেলের ব্যাপক সাড়া জাগানো ‘হ্যালো’ গানটি মুক্তির পর এর এক দিনের সর্বোচ্চ ভিউ ছিল ৩৬ মিলিয়ন। তবে ডেভিড বোওয়ির মৃত্যুর পর অ্যাডেলের এই রেকর্ড ভেঙে বোওয়ির ‘ল্যাজারাস’ গানটি নতুন করে জায়গা করে নেয়। আর ইউটিউবে এই গানটি এরই মধ্যে দেখা হয়েছে ৫১ মিলিয়নেরও বেশিবার। এদিকে ডেভিড বোওয়ির অ্যালবাম ও এর মোট ভিউ থেকে দেখা গেছে, সর্বমোট ভিউয়ের ২০ শতাংশই তাঁর শেষ অ্যালবাম ‘ব্ল্যাকস্টার’-এর সৌজন্যে এসেছে।

ডেভিড বোওয়ি খুব কম মানুষকেই তাঁর অসুখের ব্যাপারে বলেছিলেন। বলা চলে, নীরবে ও সবার চোখের আড়ালে একা একা ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে গেছেন এই ব্রিটিশ সংগীত তারকা। ৬৯ বছর বয়সটাকে স্থির রেখে তিনি চলে গেছেন, যেমন চলে যায় মুক্তিকামী পাখিরা। এনডিটিভি।