অ্যাডেলের সাদাসিধে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেল
অ্যাডেল

সংগীতশিল্পী অ্যাডেল ও তাঁর প্রেমিক সাইমন কোনেকি সম্প্রতি তাঁদের প্রেমের পাঁচ বছর পূর্ণ করেছেন। এ বছরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ খবর অবশ্য নতুন নয়। এ মাসের শুরুতে জানা গেছে, বড়দিনের সময়টায় বিয়ে করতে যাচ্ছেন অস্কারজয়ী এই গায়িকা। নতুন খবর হলো, খুব সাদাসিধেভাবে বিয়ের কাজটি সম্পন্ন করবেন তিনি।
অহেতুক জাঁকজমক আর লোক দেখানো আনুষ্ঠানিকতা থাকবে না অ্যাডেলের বিয়েতে। কাছের কয়েকজন বন্ধুকে নিয়ে লস অ্যাঞ্জেলসে রেজিস্ট্রি ম্যারেজ করবেন অ্যাডেল ও সাইমন। এরপর যুক্তরাজ্যে অ্যাডেল তাঁর পৈতৃক ভিটায় ছোট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। বিয়ের আনন্দ আয়োজনে কেউ যেন বাদ না পড়ে, এ জন্যই দুই দেশে দুটি অনুষ্ঠান করবেন অ্যাডেল।
গত মাসে দ্য সান পত্রিকায় প্রকাশিত এক খবর অনুযায়ী, অ্যাডেলের কোম্পানি মেলটেড স্টোন লিমিটেড গত বছর আয় করেছে তিন কোটি পাউন্ড। সেই হিসাবে অ্যাডেলের এক দিনের আয় ৮৪ হাজার পাউন্ড। আর মিরর পত্রিকা বলছে, ২৮ বছর বয়সী এই সংগীতশিল্পী বছরে আয়কর দেন প্রায় ৪০ লাখ পাউন্ড। এত টাকা থাকার পরেও কম খরচে বিয়ের কাজ সারছেন বলে অ্যাডেলকে কৃপণ ভাবার কোনো কারণ নেই। কারণ, তাঁর কাছে অর্থের জৌলুশ দেখানোর চেয়ে আনন্দ উপভোগই বড় বিষয়।
অবশ্য একটি দিকে কোনো ছাড় দিচ্ছেন না অ্যাডেল, আর তা হলো বিয়ের পোশাক। ঐতিহ্যবাহী পোশাকই পরবেন তবে তা গতানুগতিক বিয়ের পোশাক থেকে হবে একটু আলাদা। আইএএনএস