অ্যাডেলের 'হ্যালো' সেলেনের কণ্ঠে

এক ‘হ্যালো’ দিয়েই ২০১৫ সালকে নিজের করে নিয়েছেন অ্যাডেল। এমনকি ২০১৬-তে এসেও সেই ‘হ্যালো’র প্রভাব কাটেনি। অ্যাডেলের সেই ‘হ্যালো’ জেঁকে বসেছে সংগীতশিল্পী সেলেন ডিয়নের ওপরও। নতুন বছর উদ্যাপনের জন্য আয়োজিত এক কনসার্টে সেলেন ডিয়ন গাইলেন অ্যাডেলের গাওয়া ‘হ্যালো’।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি কনসার্টে গান করেন সেলেন ডিয়ন। নিজের বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’ও ছিল সেই আয়োজনে। কিন্তু অনুষ্ঠানের একপর্যায়ে সেলেন বলে ওঠেন, ‘এই আয়োজনে অ্যাডেলকে যোগ করা হলে কেমন হয়?’ এটা শোনার পর দর্শকসারিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেলেন সবাইকে থামিয়ে দিয়ে বলেন, ‘এত উত্তেজিত হওয়ার কিছু নেই। অ্যাডেল এখানে নেই যে তিনি গাইবেন। হয়তো আমার মাইক্রোফোনে কোনো সমস্যা হয়েছে, একটু হ্যালো বলে দেখি তো! হ্যালো... হ্যালো...।’ এভাবেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়ে সেলেন গাইতে শুরু করেন অ্যাডেলের ‘হ্যালো’। আর যখন গান শেষ হয়, তখন যেন ৪৭ বছর বয়সী সেলেনের কণ্ঠে অ্যাডেলের এই গান মন্ত্রের মতো ছেয়ে যায় দর্শকমনে। পিপল ম্যাগাজিন।