অ্যালবাম আরও পরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে আর্টসেলের দুই সদস্য এরশাদ (বাঁয়ে) ও লিঙ্কন
অনুষ্ঠানে আর্টসেলের দুই সদস্য এরশাদ (বাঁয়ে) ও লিঙ্কন

সবাই হাজির জিপি হাউসে। অপেক্ষা ছিল আর্টসেল তাদের নতুন অ্যালবাম মুক্তি দেবে এই আয়োজনে। প্রায় ১০ বছর পর আসছে গানের দল আর্টসেলের নতুন অ্যালবাম, তাই সবার আগ্রহটা একটু বেশিই। কিন্তু জ্যৈষ্ঠের অনাকাঙ্ক্ষিত বৃষ্টির মতোই সব আগ্রহে জল ঢেলে দিল আর্টসেল। অনুষ্ঠানে দলটি জানাল, নতুন অ্যালবাম আসবে আরও মাস দেড়েক পর। তবে ভক্তদের তারা একেবারে হতাশ করল না। অনুষ্ঠানে আস্ত অ্যালবাম না হলেও, অ্যালবামের একটি গানের ভিডিও প্রকাশ করা হলো। গানের নাম ‘অবিমৃশ্যতা’। বেশ কিছুদিন আগেই এর টিজার প্রকাশিত হয়েছিল। আর গত মঙ্গলবার প্রকাশিত হলো মিউজিক ভিডিওটি।
জিপি মিউজিক থেকে আগামী ঈদে মুক্তি পাচ্ছে আর্টসেলের নতুন অ্যালবাম। অ্যালবামের গানগুলো জি-সিরিজের সহযোগিতায় মুক্তি দেওয়া হবে। ব্যান্ডের লাইন আপে এখন রয়েছেন লিঙ্কন, এরশাদ, সেজান ও সাজু। অনুষ্ঠানে দলের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন জিপি মিউজিকের কর্মকর্তারা। আর্টসেলের সদস্যরা বলেন, অনেক চমক নিয়ে তাঁরা দীর্ঘ সময় পর শ্রোতাদের কাছে ফিরছেন। তাই আগেভাগে অ্যালবামের নামটিও প্রকাশ করতে চান না তাঁরা। সবকিছুর জন্যই শ্রোতাদের ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মঙ্গলবারের অনুষ্ঠানে নতুন মিউজিক ভিডিও প্রকাশের পাশাপাশি আর্টসেলের ভক্তদের জন্য ‘আর্টসেলিজম’ নামে ওয়েবসাইটও উন্মোচন করা হয়।