অ্যালবামের আগে গানের ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মন’ গানের ভিডিওচিত্রের শুটিংয়ে কোনাল
‘মন’ গানের ভিডিওচিত্রের শুটিংয়ে কোনাল

অ্যালবাম প্রকাশের আগে গানের ভিডিও নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হবেন কোনাল। প্রথম গানের ভিডিওর শুটিং সম্প্রতি শেষ হয়েছে। ফুয়াদের সুর ও সংগীতে আবদার রহমানের লেখা গানটির শিরোনাম ‘মন’।
‘মন’ গানটি থাকবে কোনালের দ্বিতীয় একক গানের অ্যালবামে। পাঁচটি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। সব কটি গানের কাজ শেষ হয়ে গেছে। কোনাল বলেন, ‘অন্য রকম কিছু পরিকল্পনা নিয়ে আমার দ্বিতীয় অ্যালবামটির কাজ করছি। গানগুলোতে আমি পেয়েছি আমার পছন্দের সব সুরকার ও সংগীত পরিচালককে। নানা ধরনের গান গেয়েছি। ইচ্ছে আছে প্রতিটি গানের ভিডিও বানানোর। সেই ধারাবাহিকতায় প্রথম গানের ভিডিওটি শেষ করলাম। বেশ বড় আয়োজনে গানটির শুটিং করা হয়েছে। গানের ভিডিওতে দর্শক-শ্রোতারা দারুণ একটা গল্প পাবেন। পুরো কাজটি ফিল্মি আঙ্গিকে করা হয়েছে।’

ঢাকার অদূরে সাভারের ডিপুবাড়িতে সম্প্রতি সেট বানিয়ে গানটির বেশির ভাগ অংশের শুটিং করা হয়েছে। ‘মন’ গানের ভিডিও পরিচালনা করেছেন আশিকুর রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের শিবরাম শর্মা। কোনাল বলেন, ‘এটি দ্রুতলয়ের একটি গান। কথাগুলোও খুব চমৎকার। পরিচালক ও কোরিওগ্রাফার মিলে সেভাবেই গানটি তৈরি করেছেন। এই গানে আমার সঙ্গে নাচে অংশ নিয়েছেন নৃত্যভূমির একদল শিল্পী। ভিডিওর জন্য আমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সবশেষে মনে হয়েছে, দারুণ কিছু একটা হয়েছে। বাকিটা শ্রোতা-দর্শকেরা দেখার পর বুঝবেন।’
‘মন’ গানের ভিডিওচিত্রে কোনালের সহ-মডেল হিসেবে কাজ করেছেন চিত্রনায়ক আমান।
নাম ঠিক না হওয়া কোনালের দ্বিতীয় একক অ্যালবামে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন ফোয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির, মুন ও চিরকুট। কোনালের প্রথম অ্যালবাম ‘কোনালস জাদু’ প্রকাশিত হয় ২০১২ সালে। এরপর চলচ্চিত্র ও মিশ্র অ্যালবামে গান গাওয়ার পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন। ছিল পড়াশোনার ব্যস্ততাও।