আইটিউনসে অর্ণব

অর্ণব–ভক্তদের জন্য একরকম সুখবর। এখন থেকে তাঁরা পৃথিবীর যেকোনো প্রান্তে বৈধ উপায়ে শুনতে পাবেন তাঁদের প্রিয় শিল্পীর গান। বৈধ উপায়ে অর্ণব–ভক্তদের এ সুযোগ করে দিচ্ছে আইটিউনস। শুধু তা–ই নয়, চাইলে এখন থকে অ্যামাজন ডটকম, গুগলস প্লে থেকে শ্রোতারা অর্ণবের যেকোনো গান শুনতে পাবেন।
অর্ণব বললেন, ‘এখন পর্যন্ত আমার একক ও মিশ্র কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, অডিও প্রযোজক ও প্রকাশকদের কাছ থেকে আমার পকেটে কোনো টাকা আসেনি। এমনকি রেডিওগুলোতে যে হারে গান চালানো হয়, তারাও কিন্তু গানের ন্যূনতম সম্মানী দেওয়ার প্রয়োজন মনে করে না। এক্ষেত্রে এবিসি রেডিওর কাছ থেকে আমি টাকা পেয়েছি। সবকিছু মিলে ভাবলাম, এভাবে আর চলতে দেওয়া যায় না। বাধ্য হয়ে বৈধ উপায়ে গানগুলো শ্রোতাদের শোনার রাস্তা খুঁজে বের করতে হয়েছে।’
অর্ণব এ–ও বলেন, ‘যে উপায়ে আমি এখন পথ চলছি, তাতে হয়তো আর কেউ বিনে পয়সায় গান শুনবে না। আরে ভাই, শিল্পীরা কাজ করে যদি টাকা না পান তাহলে তাঁরা বাঁচবে কী করে! শিল্পী বাঁচলেই তো তাঁরা নিত্যনতুন কিছু সৃষ্টি করবে। এত সবকিছু ভেবেই আসলে এই ধরনের প্ল্যাটফরম বেছে নিলাম। দেখা যাক সামনে পাই কি-না!’
সংগীতাঙ্গনে এক দশক ধরে পথ চলছেন অর্ণব। এই সময়টাতে অ্যালবামের গানগুলো থেকে নাকি কানাকড়িও পাননি। নিজের ফেসবুকে শ্রমের মূল্য না পাওয়া নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তিনি। বললেন, ‘সংগীতজীবনে ১০ বছর পার হলেও কখনো একটা টাকাও পেলাম না! সবাইকে এতদিন আমার গানগুলো বিনা মূল্যে দিয়েছি। এখন যদি মনে হয় আমি সহযোগিতা পেতে পারি, তাহলে আমার ডাকে সাড়া দিন। টাকা দিয়ে গান কিনুন, শুনুন। অবশেষে আমার সব গান কিনতে পাওয়া যাচ্ছে সর্বত্র। এখনই সময়। সবাইকে বিশ্বাস করি আর শ্রোতাদের ওপর আমার আস্থাও আছে। একদিন প্রয়োজন হলে সবার সহায়তা নেওয়ার সুযোগ চাইব। ভালোবাসি সবাইকে।’
এদিকে অর্ণব এখন তাঁর নতুন একক অ্যালবাম ও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের গান তৈরির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বললেন, ‘বেশ কয়েকটি গানের কাজ শেষ হয়েছে। এ ছাড়া কিছু স্টেজ শো এবং অন্যান্য কাজের ব্যস্ততাও রয়েছে। সময়-সুযোগ করেই অ্যালবামের গানগুলোর কাজ করছি। নতুন বছরের সুবিধাজনক সময়ে অ্যালবাম দুটো শ্রোতাদের হাতে তুলে দিতে পারব বলে আশা করছি।’
গায়ক, সুরকার ও সংগীত পরিচালক অর্ণবের পাঁচটি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো হচ্ছে ‘চাইনা ভাবিস’ (২০০৫), ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘রোদ বলেছে হবে’ (২০১০) এবং আধেক ঘুমে (২০১২)।