আইটেম গানে 'পুলকিত' পুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিসডকল’ ছবির আইটেম গানে কণ্ঠ দেওয়ার সময় স্টুডিওতে পুলক ও রমা রহমান
‘মিসডকল’ ছবির আইটেম গানে কণ্ঠ দেওয়ার সময় স্টুডিওতে পুলক ও রমা রহমান

অনেক বছর ধরেই চলচ্চিত্রের জন্য গান গাইছেন পুলক। এ পর্যন্ত ঢাকাই ছবিতে তাঁর গাওয়া গানের সংখ্যা দুই শরও বেশি। গতকাল শুক্রবার আরেকটি নতুন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন পুলক। তাঁর গাওয়া এ গানটি আইটেম গান হিসেবে ব্যবহৃত হবে। সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটির নাম ‘মিসডকল’।

শুক্রবার রাতে মগবাজারের ‘ভেলোসিটি’ স্টুডিওতে ‘মিসডকল’ ছবির গানে কণ্ঠ দেন পুলক। এতে তাঁর সহশিল্পী ছিলেন রমা রহমান।

‘মিসডকল’ ছবির আইটেম গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার সেরা দশে ছিলেন পুলক। প্রতিযোগিতার পর থেকে নিজের সব ধরনের ব্যস্ততার পাশাপাশি ইমনের সহযোগী হিসেবে কাজ করেছেন পুলক। সে কারণেই গুরু মানেন তাঁকে। গুরু ইমনের সুর-সংগীতে নতুন আরেকটি গানে কণ্ঠ দিয়ে পুলক তাঁর প্রতিক্রিয়া জানালেন এভাবেই, ‘এর আগেও গুরুর সুর ও সংগীতে অনেক গানে কণ্ঠ দিয়েছি। বেশির ভাগ গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই গানটা অসাধারণ। তা ছাড়া চলচ্চিত্রে আইটেম গানের প্রতি দর্শকেরও একটা বাড়তি আগ্রহ থাকে। এ ধরনের একটি গান গাইতে পারার আনন্দ সত্যিই অসাধারণ। আশা করছি, গানটা হিট হবে।’

‘মিসডকল’ ছবির আইটেম গানের কথা লিখেছেন কবির বকুল। ছবিতে অভিনয় করেছেন হালের আলোচিত নায়ক বাপ্পী। আর তাঁর সঙ্গে জুটি হয়েছেন দুজন নবাগত নায়িকা।


এদিকে, পুলক নিজে এখন ব্যস্ত আছেন তাঁর নতুন একক গানের অ্যালবাম নিয়ে। ইচ্ছে আছে, সামনের ভালোবাসা দিবসে নতুন অ্যালবাম শ্রোতাদের কাছে পৌঁছে দেবেন। সেভাবেই গানগুলোর কাজ করছেন বলে জানান পুলক।