আইয়ুব বাচ্চুর 'জীবনের গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইয়ুব বাচ্চু
আইয়ুব বাচ্চু

দীর্ঘ ছয় বছর পর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর একক অ্যালবাম। নাম ‘জীবনের গল্প’। অ্যালবামে গান থাকছে ১০টি। সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু।
নিজের মা এবং জীবনের নানা ঘটনা নিয়ে ‘জীবনের গল্প’ শিরোনামে গান লিখেছেন আইয়ুব বাচ্চু। বাকি গানগুলো লিখেছেন সাজ্জাদ হোসাইন। গান বাংলা টিভি চ্যানেলে ‘জীবনের গল্প’ গানটির ভিডিও প্রচারিত হচ্ছে। কিছুদিনের মধ্যে আরও কয়েকটি গানের ভিডিওর প্রচার শুরু হবে।
এলআরবিতে আইয়ুব বাচ্চুর গাওয়া গানগুলো রক ঘরানার হলেও, ‘জীবনের গল্প’ একক অ্যালবামে তাঁর গানগুলো একেবারেই মেলোডিনির্ভর। অ্যালবামটি পাওয়া যাবে গ্রামীণ ফোনের ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে। আজ মঙ্গলবার থেকে বিশ্বের যেকোনো প্রান্তে বসে গানগুলো ডাউনলোড করতে পারবেন শ্রোতারা।
আইয়ুব বাচ্চু বলেন, ‘অবশেষে একটা প্ল্যাটফর্ম পেলাম যেখান থেকে নিশ্চিন্ত মনে গান প্রকাশ করা যায়। তাই আমার একক অ্যালবাম করার সাহস পেলাম। একদম নতুন ১০টি গান নিয়ে তৈরি হয়েছে অ্যালবামটি। মেলোডিনির্ভর এই গানগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। নিশ্চয়ই ভালো লাগবে সবার।’
আইয়ুব বাচ্চু আরও বলেন, ‘দেশের অডিও ইন্ডাস্ট্রি যখন চরম বিপর্যয়ের মুখে, তখনই জিপি যেন আমাদের জন্য আলো নিয়ে হাজির হয়েছে। সাধুবাদ জানাই এ ধরনের একটা উদ্যোগের জন্য। আশা করছি, মিউজিশিয়ানদের জন্য আবারও শুদ্ধ এবং ভালো মিউজিক করার সুযোগ তৈরি হবে।’

২০০৯ সালের শেষের দিকে সর্বশেষ একক অ্যালবাম প্রকাশ করেছিলেন আইয়ুব বাচ্চু। অ্যালবামের নাম ‘বলিনি কখনো’।