আগস্টে আসছে 'ক্ষ'-এর অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহিনী আলম
সোহিনী আলম

সাত বছর পর ক্ষ ব্যান্ডের অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে চলতি মাসের শেষ দিকে। যুক্তরাজ্যের ক্যামডেনের ফোর্জ মিউজিক অ্যান্ড আর্টস ভেন্যুতে ২৮ আগস্ট অ্যালবামটির প্রকাশ হবে বলে জানা গেছে।
গত ফেব্রুয়ারিতে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্ষ ব্যান্ডের কণ্ঠশিল্পী সোহিনী আলম জানিয়েছিলেন, জুলাই মাসে ক্ষ ব্যান্ডের অ্যালবাম প্রকাশিত হবে।
তবে গতকাল সোহিনী আলম ফেসবুক অ্যাকাউন্টে তাঁর স্ট্যাটাসে জানান, ব্যান্ড গঠনের সাত বছর পার করছেন তাঁরা। এ সময়টাতে অনেক ভক্ত-শ্রোতা ক্ষ ব্যান্ডের অ্যালবাম কবে প্রকাশ হবে জানতে চেয়েছেন। সেই ভক্তদের সুখবর দিতে যাচ্ছেন তাঁরা। প্রকাশিত হতে যাচ্ছে ক্ষ ব্যান্ডের প্রথম অ্যালবাম।
বন্ধু অলিভার উইকসকে সঙ্গে নিয়ে ২০০৭ সালে ক্ষ ব্যান্ডটি গড়ে তোলেন সোহিনী। লন্ডনভিত্তিক বাংলা গানের দল ‘ক্ষ’-এর পছন্দ সব ধরনের বাংলা গান। ওই গানগুলোর কথা আর সুর ঠিক রেখে সংগীতায়োজনে ব্যবহার করা হয় আধুনিক বাদ্যযন্ত্র৷ সোহিনীর ভাষ্য, ‘গানগুলোকে যেহেতু বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে তুলে ধরছি৷ তাই সংগীতায়োজনটা এখানে খুব গুরুত্বপূর্ণ৷’
সোহিনীর জন্ম লন্ডনে৷ মা হিরণ আলম ছিলেন সংগীতশিল্পী| বিয়ের পর লন্ডনে চলে যান৷ গানে সোহিনীর হাতেখড়ি মায়ের কাছেই৷ মায়ের মৃত্যুর পর ১৯৮৭ সালে ঢাকায় চলে আসেন সোহিনী৷ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকায়৷ স্নাতক আর স্নাতকোত্তর যুক্তরাষ্ট্রে৷ কিছুদিন সেখানে চাকরিও করেছেন৷ এরপর চলে যান যুক্তরাজ্যে, লন্ডনেই তাঁর বসবাস ৷
ব্যান্ডের নাম ‘ক্ষ’ প্রসঙ্গে সোহিনী বলেন, ‘ঢাকায় দেখেছি সব ব্যান্ডের ইংরেজি নাম৷ আমরা বাইরে থাকি৷ সেখানে বাংলা গানের চর্চা করি৷ আমি আর অলিভার আমাদের ব্যান্ডের জন্য এমন একটা নাম খুঁজছিলাম, যা অবাঙািলরাও মনে রাখতে পারবে৷ ক্ষ অক্ষরটি আমাদের দারুণ পছন্দ হয়৷’
বাংলাদেশে ক্ষ ব্যান্ড ব্যাপক পরিচিত পায় ২০১২ সালের ডিসেম্বরে। তখন ইউটিউবে ক্ষ-এর গাওয়া ‘আমার সোনার বাংলা’ গানের মিউজিক ভিডিওটি পোস্ট করা হয়। গানটি নিয়ে ওই সময় আলোচনা আর সমালোচনা দুটোরই মুখোমুখি হতে হয় তাদের৷