আচমকা চলচ্চিত্রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহমিদা নবী
ফাহমিদা নবী

ফাহমিদা নবী গানের মানুষ। তাঁর যত ব্যস্ততা সব গান নিয়েই। এবার গানের মানুষ ফাহমিদা নবীকে দেখা যাবে চলচ্চিত্রেও। চলচ্চিত্রটির নাম ‘পুত্র’। সাইফুল ইসলাম মাননু পরিচালিত এ ছবিতে অভিনয়ের প্রস্তাব নাকি তিনি হঠাৎ করেই পেয়েছেন। প্রথম আলোকে এমনটিই জানিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।


অটিস্টিক শিশুদের নিয়ে গড়ে উঠেছে ‘পুত্র’ ছবির গল্প। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও জয়া আহসান। বেশ কিছুদিন আগে ছবিটির শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের স্টুডিওতে ‘পুত্র’ ছবির শুটিংয়ে অংশ নেন ফাহমিদা নবী। এ সময় তাঁর সঙ্গে আরও ছিলেন বাপ্পা মজুমদার।

ফাহমিদা নবী প্রথম আলোকে বলেন, ‘দিনকয়েক আগের এক বিকেলবেলা হেঁটে মায়ের বাসা থেকে আমার বাসায় যাচ্ছিলাম। হঠাৎই মাননুর ফোন বেজে ওঠে। ফোন ধরলে সে শুধু বলল, আমি কিছুই জানি না, কিছুই বুঝতে চাই না— অটিজম নিয়ে একটি ছবি বানাচ্ছি। আপনাকে এ ছবিতে একটা কাজ করে দিতে হবে।’ তিনি বলেন, ‘এমনিতেও মান্‌নু আমার আগের পরিচিত। আর এমন একটি বিষয় নিয়ে সে কাজ করছে, আমি আর না করতে পারলাম না। এরপর শুটিংয়ে গিয়ে দেখি, সেখানে বাপ্পাও (বাপ্পা মজুমদার) আছে!’

ফাহিমদা নবী আরও বলেন, ‘আমিও অটিজম নিয়ে কাজ করি। আমার কাছে মনে হয়েছে, ওরা সবার কাছ থেকে শুধু একটু ভালোবাসাই চায়। এ ছবির কাজ করার সময় বিষয়টি আবারও নতুন করে উপলব্ধি করেছি। ওদের সঙ্গে শুটিংয়ের পুরো সময়টা অন্যরকম কেটেছে।’

‘পুত্র’ ছবির শুটিংয়ে সেদিন অটিস্টিক শিশুদের সঙ্গে আরও ছিলেন অভিনয়শিল্পী ফেরদৌস ও জয়া। তাঁদের অভিনয়ের প্রশংসা করে ফাহমিদা নবী বলেন, ‘আমরা যে দৃশ্যের শুটিং করেছি, তা খুবই মর্মস্পর্শী। ফেরদৌস ও জয়া সব অটিস্টিক বাচ্চাদের সঙ্গে এমনভাবে মিশে গেছে তা দেখে আমি সত্যিই অভিভূত।’