আজ গাইবেন জস স্টোন

গ্র্যামিজয়ী জস স্টোন আজ শনিবার গান গাইবেন রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে। সন্ধ্যায় শুরু হবে গানের এই অনুষ্ঠান। জস স্টোনের সঙ্গে থাকছে বাংলাদেশের ছয় তারকা শিল্পীর পরিবেশনাও। গাইবেন অর্ণব, জন কবির, রাফা, এলিটা, আরমীন মুসা ও মিনার। তাঁদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেবেন মার্কিন এই সংগীতশিল্পী।
গতকাল শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন জস স্টোন। কনসার্টের আয়োজক লাইভস্কয়ার এন্টারটেইনমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে অংশও নেন ২৮ বছর বয়সী এই শিল্পী।
নির্দিষ্ট সময়ের কিছু পরে পৌঁছালেও সংবাদ সম্মেলনে এসেই প্রাণবন্ত হাসিতে নিজেকে তুলে ধরেন সবার সামনে। কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে, জবাব দেন তাঁদের নানা প্রশ্নের।
জসের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সামনে আরও কথা বলেন সংগীতশিল্পী জন কবির ও লাইভস্কয়ার এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক নাফিস আহমেদ। গুলশানের একটি কফিশপে বসেছিলেন জস ও গণমাধ্যমকর্মীরা। আজকের আয়োজন নিয়ে জস বলেন, ‘আমি উচ্ছ্বসিত। অধীর হয়ে আছি ঢাকার শ্রোতাদের গান শোনাতে।’