আজ জয় বাংলা কনসার্ট
জয় বাংলা কনসার্ট উপলক্ষে ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ মঙ্গলবার গান গাইবে দেশের এ সময়ের জনপ্রিয় নয় গানের দল। এরা হলো ওয়ারফেজ, শিরোনামহীন, চিরকুট, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, আর্বোভাইরাস, শূন্য ও স্পন্দন। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ৭ মার্চ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নেটওয়ার্ক ‘ইয়াং বাংলা’। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকতা সাব্বির শামস্ প্রথম আলোকে কনসার্টের ব্যাপারে নিশ্চিত করেন।
সাব্বির শামস্ বলেন, ‘এ নিয়ে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট। গত দুবারই এই অনুষ্ঠানে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবারও তেমনটাই হবে বলে আশা করছি।’
আয়োজক সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটায় কনসার্ট শুরু হবে। শুরুতে থাকবে জাতীয় সংগীত। রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলবে। একেক ব্যান্ডের পরিবেশনার ফাঁকে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি নানা তথ্যচিত্র।
কনসার্টের উদ্দেশ্য ও মাহাত্ম্য মাথায় রেখে গানের দলগুলো নিজেদের পাশাপাশি পরিবেশন করবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গানও। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।