আজ থেকে সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন
২০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলনের আয়োজন করেছে সদারঙ্গ উচ্চাঙ্গ পরিষদ বাংলাদেশ। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামে সম্মেলনের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের ধ্রুপদ শিল্পীরা। ১৩ জানুয়ারি পর্যন্ত পাঁচ পর্বে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম দিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়, দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ছয়টায়। সমাপনী দিনে সকাল ১০টায় আলোচনা ও সন্ধ্যা ছয়টায় শেষ অধিবেশন শুরু হবে।
তিন দিনের সম্মেলনে কণ্ঠ ও যন্ত্রসংগীত পরিবেশন করবেন মো. মুনিরুজ্জামান (বাঁশি, ঢাকা), পণ্ডিত দিলীপ দাশ (কণ্ঠ, কলকাতা), অসিত দে (কণ্ঠ, ঢাকা), শ্যামল চন্দ্র দাশ (বেহালা, চট্টগ্রাম), শায়লা হাসান (কণ্ঠ, রাজশাহী), স্বর্ণিমা গোসাইন (কণ্ঠ, মুম্বাই), শুভ্রাংশু ভট্টাচার্য (সরোদ, কলকাতা), সরিত দাশ (তবলা, দিল্লি), ঋতুপর্ণা চক্রবর্তী (কণ্ঠ, নারায়ণগঞ্জ), প্রমিত বড়ুয়া (কণ্ঠ, চট্টগ্রাম), ইফতেখার আহমেদ (তবলা, ঢাকা), শুভেন্দু দাশ (তবলা, কলকাতা), রাজীব চক্রবর্তী (তবলা, চট্টগ্রাম), শুষেণ রায় (পাখোয়াজ, ঢাকা), দেবাশীষ অধিকারী (হারমোনিয়াম, কলকাতা) ও রাজীব দাশ (হারমোনিয়াম, চট্টগ্রাম)।