আজ থেকে সামি ভারতের

পাকিস্তানি গায়ক আদনান সামি অবশেষে ভারতের নাগরিকত্ব পেলেন। আজ থেকে তাঁর নাগরিকত্ব কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পর্যন্ত আদনান সামি ভিসা নিয়ে ভারতে অবস্থান করছিলেন। কিন্তু আজ থেকে তিনি দেশটির নাগরিক হিসেবেই সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
দুই বছর আগে ৪৩ বছর বয়সী এই শিল্পী ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করলে তা প্রত্যাখ্যান করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় তাঁর আবেদন। এরপরই তিনি আজ নাগরিকত্ব পাওয়ার এ সুখবর পেলেন। পাকিস্তানের পাসপোর্টধারী এই শিল্পী এত দিন ব্যবসায়ী ভিসায় ভারতে ছিলেন।
আদনান সামি পাকিস্তান ছেড়ে ভারতে আসেন ২০০১ সালে। এরপর তিনি বেশ কিছু সফল অ্যালবাম এবং চলচ্চিত্রে গান করে বলিউডে জায়গা করে নেন। একাধিক ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেন। নাগরিক না হওয়ায় বারবার ভিসার মেয়াদ বাড়িয়ে তিনি ভারতে থেকেছেন। বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তিনি কয়েকবার ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন। কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ঠিক করতে পারছিল না তাঁকে নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার কার!পরে ২০১৫ সালের ২৬ মে আদনান সামি ভারতের নাগরিকত্বের জন্য আবারও আবেদন করলে অবশেষে সব দ্বিধা কাটিয়ে ভারত সরকার সামিকে দেশটির নাগরিকত্ব প্রদান করে। টিআইও।