আজ থেকে সুরে অবগাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের উৎসবে সন্তুর বাজিয়েছিলেন পণ্ডিত শিবকুমার শর্মা l ফাইল ছবি
গত বছরের উৎসবে সন্তুর বাজিয়েছিলেন পণ্ডিত শিবকুমার শর্মা l ফাইল ছবি

কর্মব্যস্ত ঢাকার ক্লান্ত নাগরিকদের গীত সুধারসে ভাসাতে আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে স্কয়ার নিবেদিত বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব। পরপর চারবার হচ্ছে এ উৎসব। চলবে পাঁচ দিনব্যাপী—প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত।
এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে। গতবার আয়োজনের চতুর্থ দিনে, ৩০ নভেম্বরের অনুষ্ঠানে মঞ্চেই হঠাৎ মৃত্যুবরণ করেন এই শিল্পী। পরদিন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ঘোষণা দেন, পরের উৎসবটি হবে কাইয়ুম চৌধুরীর নামে। প্রাথমিক প্রস্তাবটি দিয়েছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
শ্রোতার সংখ্যার বিচারে এটি বিশ্বের সবচেয়ে বড় শাস্ত্রীয় সংগীত উৎসব হিসেবে স্বীকৃত। শ্রোতাদের নিরাপত্তার স্বার্থে এবার বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্যবারের মতো এবার উৎসব প্রাঙ্গণে নিবন্ধনের কোনো ব্যবস্থা থাকবে না। রাত একটায় বন্ধ হয়ে যাবে আর্মি স্টেডিয়ামের দরজাগুলো।
এরপর আর কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। এ ছাড়া এবার কোনো প্রকার ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। আনা যাবে না ল্যাপটপ বা ক্যামেরাও।
এবারই প্রথম ছয়টি জুটি উৎসবে যোগ দিচ্ছেন। এঁদের কেউ বাবা-ছেলে বা বাবা-মেয়ে, কেউ স্বামী-স্ত্রী, কেউবা গুরু-শিষ্য। কেউ আলাদা করে, কেউ একসঙ্গে উঠবেন মঞ্চে। কণ্ঠসংগীতে গত সব আসরের মতো এবারও থাকছেন কৌশিকী চক্রবর্তী ও তাঁর পিতা পণ্ডিত অজয় চক্রবর্তী। সন্তুরের সুরে দর্শকদের মোহিত করবেন রাহুল শর্মা ও তাঁর পিতা শিবকুমার শর্মা। দুই ভাই গণেশ ও কুমারেশ রাজাগোপালন শোনাবেন কর্ণাটকি বেহালা। পণ্ডিত উলহাস কশলকরের সঙ্গে তাঁর পুত্র সামিহান কশলকর এবার প্রথমবারের মতো সংগীত পরিবেশন করবেন। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুর অন্য সব বারের মতো এবারও দর্শক শুনবেন, সঙ্গে শুনবেন তাঁর শিষ্য জয়াপ্রদা রামামূর্তির কর্ণাটকি বাঁশি। আর শাস্ত্রীয় কুচিপুরি নৃত্য দিয়ে মঞ্চ মাতাবেন গুরু রাজা রেড্ডি ও তাঁর স্ত্রী রাধা রেড্ডি।
এ ছাড়া এবারই প্রথমবারের মতো উৎসবে যোগ দিচ্ছেন ওস্তাদ জাকির হোসেন, বিদুষী শুভা মুদগাল, অস্কার মনোনয়নপ্রাপ্ত বিদুষী বোম্বে জয়শ্রী ও পদ্মবিভূষণ পণ্ডিত বালমুরালী কৃষ্ণ। এবার প্রথমবারের মতো সরস্বতী বীণা শুনবেন ঢাকার দর্শক, শোনাবেন জয়ন্তী কুমারেশ। এস্রাজে শুভায়ু সেন মজুমদার ও সুরবাহারে থাকবেন ওস্তাদ ইরশাদ খান। ওস্তাদ সুজাত খানের সেতার ও ওস্তাদ রশিদ খানের কণ্ঠসংগীত শোনার সুযোগ হবে উৎসবে। এ ছাড়া এবার মৃদঙ্গমে থাকছেন গুরু করাইকুড়ি মণি, সেতারে পণ্ডিত কুশল দাস, সরোদে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও ওস্তাদ ইউসুফ খান, ধ্রুপদে পণ্ডিত উদয় ভাওয়ালকর ও ওস্তাদ ওয়াসিফউদ্দিন ডাগর, তবলায় পণ্ডিত সুরেশ তালওয়ালকর, বেহালায় এন রাজম ও কণ্ঠে শ্রুতি সাদোলিকর। ভরতনাট্যম পরিবেশন করবেন বিদুষী আলারমেল ভেল্লি।
বাংলাদেশের শিল্পীদের মধ্যে এবার মঞ্চে উঠবেন পল্লবী ড্যান্স থিয়েটারের শিল্পীরা। বেঙ্গল ফাউন্ডেশনের শাস্ত্রীয় সংগীত শিক্ষালয় পরম্পরা সংগীতালয়ের শিল্পীরা তবলায় পরিবেশন করবেন কীর্তন। এ প্রতিষ্ঠানের শিল্পী অভিজিৎ কুণ্ডু ও সুস্মিতা দেবনাথও পরিবেশন করবেন সংগীত। এ ছাড়া ওয়ার্দা রিহাব তাঁর দল নিয়ে মণিপুরি নৃত্য পরিবেশন করবে। ধামার পরিবেশন করবে অনিমেষ চৌধুরী ও তাঁর দল।
আজ উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।
হেমন্তরাতে এখন কিন্তু শীতের আমেজ। গায়ে চাপানোর জন্য তাই সঙ্গে নিয়ে আসতে পারেন হালকা শীতবস্ত্র। শেষ রাতে একটু কুয়াশা পড়ে কিনা!