আজ দিনভর বাংলাদেশ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, এলিটা
জেমস, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, এলিটা

রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি, ভাওয়াইয়া, গম্ভীরা, হাসন রাজার গান—সব একই মঞ্চে। থাকবে পাহাড়ি নাচের সঙ্গে ঢাকঢোলের বাদ্যিও। দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতি ও ঐতিহ্যের উপকরণ একসঙ্গে মিলছে আজ ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব ২০১৪’-এ। শাহবাগের রমনা পার্কে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত উৎসব চলবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে শুরু হবে বাংলাদেশ উৎসব ২০১৪। উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনের পর মঞ্চে গাইবে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীরা। গ্রামবাংলার চিরায়ত রূপকে ফুটিয়ে তুলতে রমনা লেকে তৈরি হবে খেয়াঘাট। দিনভর চলবে পুতুলনাচ, তাঁত প্রদর্শনী, বায়োস্কোপ, গ্রামবাংলার িবয়ে উৎসব, জব্বারের বলীখেলা আর পাহাড়ি নাচ। এর উপস্থাপনায় থাকবেন টয়া ও আমব্রিন।
সন্ধ্যার পর শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার এবং ফারহানা নিশো। গান করবে দেশের খ্যাতনামা ব্যান্ডগুলো। তা ছাড়া থাকবে ৪০ জন যন্ত্রসংগীতশিল্পীকে নিয়ে বিশেষ অর্কেস্ট্রা পরিবেশনা। তাঁদের সঙ্গে মঞ্চে গাইবেন কনকচাঁপা, সামিনা চৌধুরী, এস আই টুটুল ও পারভেজ। নৃত্যশিল্পী লুবনা মরিয়ম ও তাঁর দল বাংলাদেশ উৎসব উপলক্ষে একটি বিশেষ নাচের পরিবেশনা তৈরি করেছেন, যা গানের ফাঁকেই পরিবেশন করা হবে। বাপ্পা মজুমদার, এলিটা করিম ও কোনাল একটি ফিউশন গান নিয়ে উঠবেন মঞ্চে। গানের দল চিরকুটও তাঁদের কিছু জনপ্রিয় গান পরিবেশন করবে উৎসবে। বাংলাদেশ উৎসব শেষ হবে সংগীতশিল্পী জেমসের গান দিয়ে।