আজ দেখা যাবে 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড' অনুষ্ঠান

গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় ‘১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পাওয়ার্ড বাই সেভেন-আপ অনুষ্ঠান। সেদিন অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন শুধু আমন্ত্রিত অতিথিরা। আজ শুক্রবার দর্শক অনুষ্ঠানটি দেখতে পাবেন টিভির পর্দায়। চ্যানেল আইয়ে বেলা দুইটার সংবাদের পর অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।
অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার ফাঁকে ফাঁকে ছিল গান আর নাচ। অনুষ্ঠানে গান গেয়েছেন জেমস, মমতাজ, সানি জুবায়ের, ইমরান ও পূর্ণিমা। আরও গান গেয়েছেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, আলম খান, আলী হোসেন ও শেখ সাদি খান। নাচে অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এ বছর আজীবন সম্মাননায় ভূষিত হলেন বাংলা গানের এক কিংবদন্তি মোহাম্মদ খুরশীদ আলম। তাঁর হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। সম্মাননাপত্র তুলে দেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। ১ লাখ টাকার চেক তুলে দেন এই আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ লিমিটেডের পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী। এর আগে উত্তরীয় পরিয়ে শিল্পীকে বরণ করে নেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক মুকিত মজুমদার বাবু। এবার বিশেষ সম্মাননা দেওয়া হয় বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আখতারকে।
তিন ঘণ্টার জমকালো এই অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। উপস্থাপনা করেছেন ফারজানা ব্রাউনিয়া।





একনজরে ১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড
আজীবন সম্মাননা
মোহাম্মদ খুরশীদ আলম
বিশেষ সম্মাননা
শাম্মী আখতার
ক্রিটিক অ্যাওয়ার্ড
রবীন্দ্রসংগীত—অণিমা রায় (অ্যালবাম—মাতৃভূমি)
নজরুলসংগীত—নাশিদ কামাল (অ্যালবাম—গানে গানে নজরুলের জীবনী)
লোকসংগীত—শফি মণ্ডল (অ্যালবাম—অধরা)
শ্রেষ্ঠ গীতিকার-আসিফ ইকবাল (অ্যালবাম—তুই আমার মন ভালোরে/মুন)
সংগীত পরিচালক—শফিক তুহিন (অ্যালবাম—চুপকথা রূপকথা, গান—নীল শামিয়ানা)
মিউজিক ভিডিও—তানীম রহমান অংশুক (অ্যালবাম ও গান—ঝুম)
কভার ডিজাইন—নাহিদ (নকশী কাঁথার গান)
সাউন্ড ইঞ্জিনিয়ার—পাভেল আরীন (খেয়াল পোকা)
উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ)—প্রিয়াংকা গোপ (ঠুমরি)
আধুনিক গান—ফাহমিদা নবী (অ্যালবাম-সাদা কালো, গান—অন্ধকার)
সেরা ব্যান্ড—পার্থিব (অ্যালবাম—স্বাগত বাংলাদেশ)
নবাগত শিল্পী-মেহেদী হাসান (অ্যালবাম—আয়না ফিরে, গান—ইচ্ছেগুলো রাজি)
ছায়াছবির গান—জেমস (গান—বিধাতা, ছায়াছবি—সুইটহার্ট)
পপুলার চয়েস অ্যাওয়ার্ড
আধুনিক গান-কুমার বিশ্বজিৎ (অ্যালবাম-স্বপ্ন সমুদ্দুর, গান—কখনো তো বলিনি)
নবাগত শিল্পী—শাহিন খান (আনকোরা)
সেরা ব্যান্ড—অবসকিওর (ক্র্যাক প্লাটুন)
ছায়াছবির গান—ইমরান (মুসাফির, গান-আলতো ছোঁয়াতে)
মিউজিক ভিডিও—রম্য খান (অ্যালবাম-মেঘেরা, গান-মেঘেরা ঢাকঢোল বাজিয়ে)