আজ নকশীকাঁথার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকগানভিত্তিক গানের দল নকশীকাঁথা
লোকগানভিত্তিক গানের দল নকশীকাঁথা

লোকগানভিত্তিক গানের দল নকশীকাঁথা। ২০১২ সাল থেকে লোকগান নিয়ে কাজ করছে। আজ শুক্রবার রাত ১১টায় এসএ টিভিতে ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও কনসার্টে গান করবে নকশীকাঁথা।
ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী বলেন, ‘আমরা মনে করি, গোটা পৃথিবীই হলো লোক সংগীতের বিচরণক্ষেত্র। সেই বিচরণক্ষেত্রে আমাদের কীর্তি রেখে যেতে চাই। নিজেদের দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী লোকগান এবং সেইসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের লোকগানগুলো দেশের শ্রোতাদের সামনে তুলে ধরতে আমাদের এই পথচলা।’
দেশের প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা সাধকদের গান সংগ্রহ ও তাঁদের সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করে চলেছেন নকশীকাঁথা ব্যান্ডের সদস্যেরা। এর মধ্য দিয়ে তাঁরা বাঙালি ও বাংলাদেশের মানুষের সঙ্গে লোকগানের অবিচ্ছেদ্য সম্পর্কের রূপটি তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
নকশীকাঁথা ব্যান্ডের সদস্যদের মধ্যে রয়েছেন সাজেদ ফাতেমী (ভোকাল), রিপন (কি-বোর্ড), সামু (লিড গিটার), রানা (বেজ গিটার), বিকাশ (ড্রামস) এবং পাভেল (স্যাক্সোফোন ও বাঁশি)।
এসএ টিভির নিয়মিত অনুষ্ঠান ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও কনসার্ট। অনুষ্ঠানে প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল ব্যান্ড গান পরিবেশন করে। অনুষ্ঠানটির প্রযোজক আশরাফ উজ জামান।