আজ ফাগুন মাসের প্রথম মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬—১২ সেপ্টেম্বর ২০০৯)
ছবি: অন্য আলো

‘বন্দে মায়া লাগাইছে,’ ‘গাড়ি চলে না চলে না চলে না রে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’সহ অসাধারণ সব গানের জনক শাহ আবদুল করিম। ‘বাউলসম্রাট’খ্যাত এই শিল্পীর জীবন কেটেছে গানে। সেসব গানে জড়িয়ে আছে ভাটির দুঃখ, প্রেমের বেদনা। আজ ছিল এই বাউলের ১০৬তম জন্মদিন।

অদ্ভুত সারল্যে নিজের জন্মতারিখ মনে রেখেছিলেন করিম। গান বেঁধেছিলেন, ‘ফাগুন মাসের প্রথম মঙ্গলবার, মা বলেছেন জন্ম আমার’। আজ ফাগুন মাসের প্রথম মঙ্গলবার। লোকগান যাঁরা ভালোবাসেন, আজ তাঁদের পরানে করিমের গান বাজবেই বাজবে, ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে/ তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো’। অনাড়ম্বর, সহজ–সরল জীবন ছিল তাঁর। বুকে স্পর্শ করে বাজাতেন মোহন দোতারা। প্রেমহারা মানুষের বুকের মধ্যে সেই দোতারা হু হু করে ওঠে, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি’ বেজে উঠলে।

শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬‍—১২ সেপ্টেম্বর ২০০৯)

বহু দূর থেকে করিমের বাড়িতে বেড়াতে যেতেন ভক্তের দল। সন্তানের মতোই তাঁদের বাড়িতে থাকতে দিতেন এই সাধক। পড়শি রণেশ ও রোহী ঠাকুর ছিলেন তাঁর খুব কাছের মানুষ। হিন্দু-মুসলমান ভেদাভেদ ছিল না তাঁর অন্তরে বা চর্চায়। গানের চরণে লিখেছেন, ‘গ্রামের নওজোয়ান হিন্দু–মুসলমান, মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম/ আগে কি সুন্দর দিন কাটাইতাম।’ মানুষকে জানতে আর ভালোবাসতেই কেটে গেছে তাঁর বেলা। কোনো প্রত্যাশা ছিল না তাঁর। কেবল চেয়েছিলেন, তাঁর গানের বাণী ও সুর যেন অবিকৃতি রাখে মানুষ।

সংগ্রামে কেটেছে করিমের। দিনের বেলা দুই টাকা মাসিক বেতনে রাখালের কাজ করতেন ধলবাজারের এক মুদির দোকানে। আর রাতে হাওর-বাঁওড়ের পাড়ে ঘুরে ঘুরে গান গাওয়া। একপর্যায়ে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে গাইতে শুরু করেন। নিজের এলাকার গণ্ডি ছাড়িয়ে আশপাশের উপজেলায় নাম ছড়াতে থাকে তাঁর। বাউল করিমের খোঁজে মানুষ আসে অন্য অঞ্চল থেকেও। এরপর ব্রিটিশবিরোধী আন্দোলন, কাগমারী সম্মেলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে যেন বেড়ে ওঠেন শাহ আবদুল করিম ও তাঁর গান। মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পেয়েছেন তিনি গানের জন্য। এসব তুখোড় রাজনীতিবিদের বক্তৃতার পাশাপাশি শাহ আবদুল করিম গণসংগীত গেয়ে আন্দোলন-সংগ্রামে উজ্জীবিত করতেন মানুষকে। ১৯৬৮ সালে সতীর্থ বাউল দুরবীন শাহকে নিয়ে বিলেতে যান গান গাইতে। আবদুল করিম সিলেট বেতারে নিয়মিত আঞ্চলিক গান গাইতে শুরু করেন ১৯৭৪ সাল থেকে।

শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬—১২ সেপ্টেম্বর ২০০৯)

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন লোকগানের এই কিংবদন্তি শিল্পী। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘রঙের দুনিয়া চাই না’, ‘কৃষ্ণ আইল রাধার কুঞ্জে’, ‘গান গাই আমার মনরে বোঝাই’, ‘বসন্ত বাতাসে’ বহু কালজয়ী গানের স্রষ্টা শাহ আবদুল করিম। বাংলা সংস্কৃতিতে অসামান্য অবদান রাখায় পেয়েছেন একুশে পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতিসংঘের সম্মাননা, লেবাক অ্যাওয়ার্ডসহ নানা সম্মাননা।