আজ বাজবে চৌরাসিয়ার বাঁশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরিপ্রসাদ চৌরাসিয়া
হরিপ্রসাদ চৌরাসিয়া

ব্লুজ কমিউনিকেশনস আয়োজিত ‘সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল: টাইমলেস ক্ল্যাসিক্যাল ইকোস’ উৎসবের দ্বিতীয় দিন আজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় (সিঙ্গাপুর সময় সন্ধ্যা সাড়ে সাতটা) শুরু হবে এই দিনের আয়োজন। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসের মাস্টারকার্ড থিয়েটারে হচ্ছে এ উৎসব। আজকের দিনের সূচিতে কিছুটা পরিবর্তন আছে। নতুন সূচি অনুযায়ী আজ প্রথম পরিবেশনা সিঙ্গাপুরভিত্তিক ভারতীয় শিল্পী সাওয়ানি শিন্দের। খেয়ালে তাঁর দখল অনবদ্য।

এরপর মঞ্চে উঠবেন শুভেন্দ্র রাও ও সাস্কিয়া রাও। ভারতীয় শিল্পী শুভেন্দ্র একজন সেতারবাদক ও সুরকার। পণ্ডিত রবিশঙ্করের শিষ্য। স্ত্রী সাস্কিয়া রাওয়ের জন্ম নেদারল্যান্ডসে। এখন দিল্লিতে থিতু হয়েছেন। চেলো বাজান, সুর করেন। পশ্চিমা শাস্ত্রীয় সংগীত শিখেছেন বহুদিন। পূর্ব ইউরোপের ফোক মিউজিকেও তাঁর প্রবল আগ্রহ। শুভেন্দ্র ও সাস্কিয়া মিলে আজ করবেন সেতার-চেলোর যুগলবন্দী। প্রাচ্য ও প্রতীচ্যের দুটি বাদ্যযন্ত্রের যুগলবন্দী কেমন হবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

তৃতীয় পরিবেশনা বাংলাদেশের শিল্পী লুভা নাহিদ চৌধুরীর। তাঁর পরিচিতি বেশি সাংগঠনিক কারণে—বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক। কিন্তু তিনি একই সঙ্গে নিষ্ঠাবান শিল্পীও। ২০১৬ সালে মে মাসে তিনি সংগীত পরিবেশন করেন যুক্তরাজ্যের লন্ডনের বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে। নিয়মিত সাধনা করেন পঞ্চকবির গান। আজও তা-ই গাইবেন লুভা নাহিদ। তাঁর সঙ্গে এসরাজে থাকবেন অসিত বিশ্বাস, পিয়ানোতে বিনোদ রায়, তবলায় ইফতেখার আলম প্রধান, হারমোনিয়ামে কমল খালিদ ও গিটারে মনোয়ার হোসেন।

দ্বিতীয় দিনের শেষ পরিবেশনা করবেন বাঁশির জাদুকর পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে পৃথিবীময় জনপ্রিয় করতে তাঁর বিশেষ ভূমিকা আছে। বিখ্যাত গানের দল দ্য বিটলসের গানে শোনা গেছে তাঁর সুর। তালিম নিয়েছেন মাইহার ঘরানার গুরু অন্নপূর্ণা দেবীর কাছে। অন্নপূর্ণা দেবী হচ্ছেন কিংবদন্তি শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁর সন্তান, সুরবাহারে যিনি অনবদ্য। এখনো এই বয়সে নিয়ম করে গুরুর কাছে আশীর্বাদ নিতে যান হরিপ্রসাদ চৌরাসিয়া।

ব্লুজ কমিউনিকেশনসের এ আয়োজনে সহযোগিতা করছে ভারতীয় প্রতিষ্ঠান পারফেক্ট হারমোনি গ্লোবাল। আইএফআইসি ব্যাংক নিবেদিত এ অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী চ্যানেল আই।