আজ মাতিয়ে রাখলেন দেশের শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর থেকেই আকাশ কুয়াশায় ঘন ঘোর। মধ্যদুপুরেও মুখ দেখাল না সূর্য। সকালবেলার ভাবখানা বজায় রইল পুরো দিন। সেই সঙ্গে মাঝেমধ্যে কাঁটা দেওয়া ঠান্ডা হাওয়ার ঝাপটা। যেন শীত জাঁকিয়ে বসার লক্ষণ। সন্ধ্যার আবছায়া এখন নেমে আসে পাঁচটা বাজলেই।

অগ্রহায়ণ ফুরিয়ে এল। এই সময়টি আবহমানকাল থেকেই বাংলায় উৎসবের মৌসুম হিসেবে খ্যাত। গান-বাজনায় আনন্দময় হয়ে ওঠে গ্রাম-বাংলার পরিবেশ। সেই আনন্দ এখন মাতিয়ে রেখেছে রাজধানীবাসীকেও। আজ শুক্রবার ছুটির দিন সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়াম মুখর হয়ে উঠেছিল তবলা, মৃদঙ্গম, পাখোয়াজের তাল ও বোলে।

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবের দ্বিতীয় দিনের পরিবেশনা শুরু হয়েছিল দেশের তরুণ শিল্পীদের সম্মিলিত তালবাদ্য পরিবেশনার মধ্যে দিয়ে। বাদক দলে ছিলেন, তবলায় গৌতম সরকার ও জাকির হোসেন, পাখোয়াজে বিশ্বজিৎ নট্ট ও মৃদঙ্গমে এনামুল হক। শুরুটা হয়েছিল এককাথায় দুর্দান্ত। ‘ধাতাং ধাতাং ধে রে না’ বোলের সঙ্গে তবলার লহরা ও মৃদঙ্গম আর পাখোয়াজের ছন্দোবদ্ধ তাল শ্রোতাদের মাতিয়ে তোলে। মুহুর্মুহু করতালি দিয়ে তাঁরা দেশের নবীন বাজিয়েদের অভিনন্দিত করেন।
এবারের উৎসবে প্রতিদিনের অধিবেশনই শুরু হচ্ছে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা দিয়ে। প্রথম দিনে ছিল সম্মিলিত কণ্ঠে দেশের গান। স্থানীয় শিল্পীরা এই বিপুল দর্শকের সমাগমে আয়োজিত উৎসবে গান ও বাদন পরিবেশন করতে পারায় উৎসবে ভিন্ন মাত্রা সংযোজিত হয়েছে।

এরপরের পরিবেশনা ছিল বাংলাদেশের আরেক শিল্পী সুপ্রিয়া দাশের। সুরেলা ও দরদি কণ্ঠে আনন্দ কল্যাণ রাগে খেয়াল গেয়ে তিনি শ্রোতাদের মন ভরিয়ে দেন। তাঁর বন্দিশটি বাঁধা ছিল প্রথমে বিলম্বিত একতাল এবং শেষে দ্রুত তিন তালে। ফোনে অনেককেই বলতে শোনা গেছে, পণ্ডিত উলহাস কাশালকারের যোগ্য শিষ্যা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন বাংলাদেশের আরেক শিল্পী সবুজ আহমেদ ও হারমনিয়ামে সঞ্জীবন সান্যাল।
গতকাল বৃহস্পতিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হয়েছে পাঁচ দিনের এই সংগীত মহাযজ্ঞ। আয়োজনে সার্বিক সহায়তা দিচ্ছে প্রথম আলো। স্কয়ার নিবেদিত বেঙ্গল ফাউন্ডেশনের এই আয়োজনে আরও সহায়তা দিচ্ছে ব্র্যাক ব্যাংক, ডেইলি স্টার, এবিসি রেডিও ও মাছরাঙা টেলিভিশন।
সুপ্রিয়া দাসের পরিবেশনার পর ছিল সংক্ষিপ্ত উদ্বোধনীপর্ব। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন সংগীতজ্ঞ আলিমুর রহমান খান ও পল্লীকবি জসীমউদ্‌দীনের মেয়ে হাসনা মওদুদ। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।
এরপরে সরোদ বাদন দিয়ে শুরু হয় সারা রাতের সংগীতযাত্রা। মাইহার ঘরানার তরুণ শিল্পী আবির হোসেন পরিবেশন করেন রাগ জয়জয়ন্তী।
এরপর মঞ্চে আসেন উমহাদেশের বিখ্যাত ডাগর ঘরানার পণ্ডিত উমাকান্ত মাকাত্ম গুন্দেচ্চা ভাতৃদ্বয়।
গতবার আসরে সন্তুর বাজিয়ে ঢাকার শ্রোতাদের প্রশংসা কুড়িয়ে ছিলেন সন্তুরের জীবন্ত কিংবদন্তি শিব কুমার শর্মার ছেলে রাহুল শর্মা। আজকের অপর শিল্পীদের মধ্যে রাহুল শর্মা আছেন। আরও আছেন কর্ণাটকি তালবাদ্যের শিল্পী কড়াইকুডি মানি ও পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্র।