
সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে ব্লুজ কমিউনিকেশনস আয়োজিত ‘সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল: টাইমলেস ক্ল্যাসিক্যাল ইকোস’ উৎসবের পর্দা উঠবে আজ বৃহস্পতিবার আর কিছুক্ষণ পর। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় (সিঙ্গাপুর সময় সন্ধ্যা সাড়ে সাতটা) শুরু হবে চার দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনের আয়োজন।
মেরিনা বের মাস্টারকার্ড থিয়েটারে প্রথম পরিবেশনা হুমায়ুন সাখির। আফগানিস্তানের এ শিল্পী রাবাবের (বাদ্যযন্ত্র) সুর শোনাবেন শ্রোতাদের। এখন থাকেন যুক্তরাষ্ট্রে। বিখ্যাত ক্রনোস কোয়ার্ট্রেটে শোনা যায় হুমায়ুনের রাবাব।
এরপর মঞ্চে উঠবেন বাংলাদেশের গুণী রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথের আটটি গান গাইবেন তিনি। তাঁর সঙ্গে এসরাজে থাকবেন অসিত বিশ্বাস, পিয়ানোতে বিনোদ রায়, তবলায় ইফতেখার আলম প্রধান ও গিটারে মনোয়ার হোসেন।
তৃতীয় পরিবেশনা পাতিয়ালা ঘরানার শাস্ত্রীয় সংগীতশিল্পী কৌশিকী চক্রবর্তীর। পণ্ডিত অজয় চক্রবর্তীর যোগ্য কন্যা কৌশিকী বাংলাদেশেও বেশ জনপ্রিয়। বাবার কাছে শিখেছেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত, আবার পণ্ডিত বালমুরালি কৃষ্ণর কাছে অল্প কিছুদিন কর্ণাটিক শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছেন। সেমি ক্ল্যাসিক্যাল, আধুনিক গান ও রবীন্দ্রসংগীতও শোনা যায় তাঁর কণ্ঠে।
প্রথম দিনের শেষ পরিবেশনা করবেন সন্তুর কিংবদন্তি পণ্ডিত শিবকুমার শর্মা। একসময় সন্তুরকে শাস্ত্রীয় সংগীত হিসেবে মর্যাদা দেওয়া হতো না। সেখান থেকে সন্তুরকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে একক কৃতিত্ব পণ্ডিত শিবকুমার শর্মার।
ব্লুজ কমিউনিকেশনসের এ আয়োজনে সহযোগিতা করছে ভারতীয় প্রতিষ্ঠান পারফেক্ট হারমোনি গ্লোবাল। আইএফআইসি ব্যাংক নিবেদিত এ অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী চ্যানেল আই।