আজ শুরু হচ্ছে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে বছরব্যাপী শাস্ত্রীয় সংগীত, শাস্ত্রীয় নৃত্য, সেতার ও সরোদ বাদন প্রশিক্ষণ কর্মশালা। আজ বিকেল ৫টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করবেন ওস্তাদ ইয়াছিন খান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব বেগম আকতারী মমতাজ। স্বাগত বক্তব্য দেবেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাওকাত ফারুক এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
শিল্পকলা একাডেমীর জনসংযোগ বিভাগের একজন প্রতিনিধি প্রথম আলোকে জানিয়েছেন, আজকের উদ্বোধনী ও আলোচনা শেষে বছরব্যাপী কর্মশালার প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিনা মূল্যে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবে যে কেউ। তিনি জানান, বছরব্যাপী উচ্চাঙ্গ নৃত্যের প্রশিক্ষণ দেবেন শিল্পী শর্মিলা বন্দোপাধ্যায় (মোহিনী আট্টম), মুনমুন আহমেদ (কত্থক), লুবনা চৌধুরী (কথাকলি), বেনজীর সালাম (ওডিসি), র‍্যাসেল এগনেস প্যারিস (গৌড়ীয়), শুক্লা সরকার (ভরতনাট্যম) ও তামান্না রহমান (মণিপুরী)। উচ্চাঙ্গ কণ্ঠে শিল্পী অসীত দে ও প্রিয়াংকা গোপ, সেতারে শিল্পী ফিরোজ খান ও রিনাত ফৌজিয়া এবং সরোদে শিল্পী শাহাদাত্ হোসেন খান ও ইউসুফ খান।