আজ শুরু হচ্ছে সংগীত উৎসব
আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত ‘সংগীত উৎসব’। দুই দিনব্যাপী এই উৎসব হবে টিএসসিতে। সংগীত বিভাগের নিয়মিত এ আয়োজনে এবারের বিষয় ‘বাংলাদেশি চলচ্চিত্রের গান’। ১৯৫৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এবারের আয়োজন বিষয়ে সংগীত বিভাগের চেয়ারম্যান মহসিনা আক্তার খান (লীনা তাপসী) বলেন, একটি গানের পেছনে গীতিকার ও সুরকারের অবদান সবচেয়ে বেশি। অথচ তাঁরা যথাযথ মর্যাদা পান না। সেই চিন্তাধারা থেকে এবারের উৎসবে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি গীতিকার ও সুরকারদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ।
এই তালিকায় রয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, খান আতাউর রহমান, সত্য সাহা, শেখ সাদী খান, আলম খান, আলী হোসেন, আলাউদ্দিন আলী প্রমুখ। বিকেল পাঁচটায় শুরু হতে যাওয়া সংগীত উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম ও আগুন। এ ছাড়া উৎসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা থাকবে। এর আগে সকাল ১০টায় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা করা হবে।