আজ সন্ধ্যায় ট্রামপেট ও পিয়ানো কনসার্ট
বাংলাদেশে রুশ দূতাবাস ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে ট্রামপেট ও পিয়ানো কনসার্ট। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
কনসার্টের শিল্পী সেন্ট-পিটার্সবুর্গ মিউজিক হাউসের দুই শিক্ষার্থী নিকোলাই স্ত্রানাৎকোভ্স্কি ও ভ্লাদিস্লাভ ফেওদোরভ। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে রুশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত এই সংগীত প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো নতুন নতুন সংগীত প্রতিভা খুঁজে বের করে তাঁদের প্রশিক্ষিত করা।
২৩ বছর বয়সী নিকোলাই বাজাবেন ট্রামপেট আর পিয়ানো বাজাবেন ১৮ বছর বয়সী ভ্লাদিস্লাভ। এরই মধ্যে ট্রামপেট ও পিয়ানো বাজিয়ে তাঁরা বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জয় করে নিয়েছেন!
আজকের অনুষ্ঠানে তাঁরা বিটোফেন, চপিন, চাইকোভস্কিসহ আরও কয়েকজন সুরকারের সুর বাজাবেন। তবে অনুষ্ঠানে আমন্ত্রিতরাই কেবল শুনতে পাবেন সেই সুরগুলো।