আজ সাহিনার 'দূরবীণে চোখ'

খালি গলায় তাঁর গান শুনে ইন্দ্রানী সেন বলেছেন, বাহ্। শুধু তাইই নয়, সাহিনার দ্বিতীয় একক গানের অ্যালবামের মোড়ক উন্মোচনেও উপস্থিত ছিলেন তিনি। ফলে সাহিনাকে সৌভাগ্যবতী বলতেই হবে। অ্যালবামটি নিয়ে একটু বাড়তি উচ্ছ্বাস রয়েছে শিল্পীর। কেননা, কলকাতায় অ্যালবামটির মোড়ক উন্মোচনের পর আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। বাংলাদেশে এটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ।
গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার অ্যান্ডারসন ক্লাবে সাহিনার দ্বিতীয় একক অ্যালবাম ‘দূরবীণে চোখ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে অ্যালবামের মোড়ক খুলেছেন টালিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। এ ছাড়াও, উপস্থিত ছিলেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও আবৃত্তিকার রিনি বিশ্বাসসহ আরও অনেকে।
আজ ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে অ্যালবামটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, আবৃত্তিকার শিমুল মুস্তাফা, শিল্পী সুজিত মোস্তফা, অভিনেতা ফেরদৌসসহ আরও অনেকের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংগীতে অনেক দিনের পথচলা সাহিনার। গান শিখেছেন ছায়ানট থেকে। গেয়েছেন রেডিও, টেলিভিশনে। তাঁর আধুনিক গানের এই অ্যালবামের গানগুলো সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার পিন্টু ঘটক, গানগুলো লিখেছেন পিন্টু ঘটক ও রাজীভ দত্ত।
বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী সাহিনা বলেন, ‘কলকাতায় ঘুরতে গিয়েই তাঁদের সঙ্গে পরিচয়। গান করি সেটা তাঁরা জানতেন। অ্যালবাম করার প্রস্তাবটিও তাঁরাই দেন। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।

একই সঙ্গে ভারত ও বাংলাদেশ থেকে অ্যালবাম প্রকাশ হওয়া যেকোনো শিল্পীর জন্যই আনন্দের ব্যাপার।’ তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজীও আজ সন্ধ্যার মোড়ক উন্মোচনে উপস্থিত থাকতে পারেন।
শিল্পী আরও জানান, বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে ইতিমধ্যে একটি অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। তাতে বাপ্পার সঙ্গে একটি ডুয়েট গানও থাকবে তাঁর।
‘দূরবীণে চোখ’ অ্যালবামটি পাওয়া যাবে ঢাকার বিভিন্ন সিডির দোকানে। আর এর ৮টি গান ডাউনলোড করা যাবে আইটিউন ও আমাজন থেকে।