আজম খানকে নিয়ে আয়োজন
>

• আজম খানের গানগুলো আগুন ধরিয়ে দিত মনে।
• আজম খান তুখোড় মুক্তিযোদ্ধা।
• রণাঙ্গণেও অবসরে মুক্তিযোদ্ধাদের শুনিয়েছেন গান।
আজম খানের গানগুলো আগুন ধরিয়ে দিত মনে। ‘হাইকোর্টের মাজারে’, ‘আলাল দুলাল’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘বাংলাদেশ’-আরও কত গান। আজম খান সুপারস্টার হয়ে উঠলেন স্বাধীনতার পর। উচ্চারণ শিল্পীগোষ্ঠীর হয়ে কনসার্টের পর কনসার্ট করে মাতিয়ে রাখলেন তরুণদের। আজ বুধবার এই শিল্পীর জন্মদিন।
আজম খান তুখোড় মুক্তিযোদ্ধা। রণাঙ্গণেও অবসরে মুক্তিযোদ্ধাদের শুনিয়েছেন গান। ছিলেন খালেদ মোশাররফের নেতৃত্বাধীন ২ নম্বর সেক্টরে, গেরিলা যুদ্ধে অংশ নিয়েছেন।
স্বাধীনতার পর পপ ধারার গানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আজম খান মুখ্য ভূমিকা পালন করেছেন। তাঁর উচ্চারণ ব্যান্ড দলটির কনসার্ট সদ্য স্বাধীন দেশের মানুষকে আলোড়িত করেছিল।
১৯৫০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। পপ গুরু হিসেবেই পরবর্তী প্রজন্মের শ্রদ্ধা পান তিনি। বাংলা পপ ও রক ঘরানার কিংবদন্তি শিল্পীর নাম আজম খান। ২০১১ সালের ৫ জুন তিনি মারা যান।
আজম খানের জন্মদিনে এবিসি রেডিওর বিশেষ আয়োজন
আজ পপগুরু আজম খানের জন্মদিনে এবিসি রেডিও এফএম ৮৯.২ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বেলা দুইটায় নিয়মিত অনুষ্ঠান হাইওয়ে টু চিল-এ সম্মান জানানো হবে তাঁকে।
আরজে নিতুলের সঞ্চালনায় আজকের বিশেষ পর্বে অতিথি থাকবেন গিটারিস্ট রকেট। আশির দশক থেকে এই শিল্পী বাজাতেন আজম খানের সঙ্গে। তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন পপগুরুর। আরও থাকছেন সংগীতশিল্পী শেখ শাহেদ। আজকের পর্বে কথা হবে আজম খানকে নিয়ে, থাকবে স্মৃতিচারণা ও তাঁর গান।