আজীবন সম্মাননা পাচ্ছেন শাহীন সামাদ

আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলায় এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কাল চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ মেলায় নজরুল সংগীতের বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা তুলে দেয় হবে।
আজ বুধবার দুপুরে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারোয়ার, শিল্পী শাহীন সামাদ ও বরেণ্য নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ মে বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, গণমাধ্যমের সম্পাদকবৃন্দ, নজরুল বিশেষজ্ঞ ও নজরুল সংগীতশিল্পী এবং চ্যানেল আইয়ের পরিচালকেরা। মেলায় থাকবে ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্যের স্টলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টল। মুক্তমঞ্চে সন্ধ্যা ৭টা পর্যন্ত নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় চলবে নজরুলসংগীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য, নজরুলের কবিতা আবৃত্তি, নজরুল রচনাবলী থেকে পাঠ, আবদুল মান্নানের নেতৃত্বে নজরুল বিষয়ক চিত্রাঙ্কন। মেলার স্টলে প্রদর্শিত হবে নজরুল বই, নজরুলকে নিয়ে লেখা বই, নজরুল চিত্রকলা, নজরুলসংগীতের রেকর্ড কভার, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি ইত্যাদি। থাকবে বাংলার ঐতিহ্যবাহী নানা পণ্যসামগ্রীর স্টল। মেলা ও সাংস্কৃতিক এ অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
এর আগে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলায় সম্মাননা পেয়েছেন সংগীতগুরু সোহরাব হোসেন, সুধীন দাশ, সংগীতজ্ঞ ফিরোজা বেগম, নজরুল গবেষক রফিকুল ইসলাম, শিল্পী খালিদ হোসেন, ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসী ও ফেরদৌস আরা।