আজীবন সম্মাননা পেলেন ফেরদৌসী রহমান

রাজনৈতিক অস্থিরতাসহ আরও নানা কারণে কয়েক দফা পেছানোর পর অবশেষে গতকাল সোমবার অনুষ্ঠিত হলো ১০ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সংগীতের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি দিতে বিচারকদের রায়ে ও শ্রোতাদের ভোটে মোট ১৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এবারের আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান।
তারাঝলমলে জমকালো এ আয়োজনে ফেরদৌসী রহমানের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশন তাসলিম আহমেদ, কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী ও সাবিনা ইয়াসমিন।
পুরস্কার হিসেবে উত্তরীয় ও ক্রেস্টের পাশাপাশি এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে ফেরদৌসী রহমানকে। সম্মাননা গ্রহণ করার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেরদৌসী রহমান বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি। আজকের পুরস্কারটি আমার জীবনের স্মরণীয় পুরস্কার।’
চ্যানেল আই সূত্রে জানা গেছে, এবারের আসর থেকে মোট ১২টি বিভাগে সমালোচনা পুরস্কার ও পাঁচটি বিভাগে পপুলার চয়েস পুরস্কার দেওয়া হয়েছে।
‘আমি সন্ধ্যা দ্বীপের শিখা’ গানের জন্য সেরা রবীন্দ্রসংগীত বিভাগে সাবিনা ইয়াসমিন, ‘বেণুকা’ গানের জন্য সেরা নজরুলসংগীত বিভাগে খায়রুল আনাম শাকিল, ‘কোন কালে তোর হবে দিশে’ অ্যালবামের ‘জানলি না মন কোথায় সে’ গানের জন্য সেরা লোকসংগীত বিভাগে কিরণচন্দ্র রায়, ‘অনুরোধ করে’ গানের জন্য সেরা আধুনিক সংগীত বিভাগে সামিনা চৌধুরী, ‘স্মরণের জানালা’ অ্যালবামের ‘কাছে আসতে মানা’ গানের জন্য সেরা নবাগত শিল্পী বিভাগে স্মরণ, ‘তুমি পাশে বলে কি সুন্দর’ গানের জন্য সেরা সংগীতপরিচালক বিভাগে নকিব খান, ‘আমার মন ভালো নেই’ গানের জন্য সেরা গীতিকার বিভাগে জুলফিকার রাসেল সমালোচনা পুরস্কার পেয়েছেন।
এ ছাড়া ‘যাদুর শহর’ অ্যালবামের জন্য সেরা ব্যান্ড বিভাগে চিরকুট, ‘জানে খোদা’ অ্যালবামের ‘তোমাকে ছাড়া’ গানের ভিডিওর জন্য সেরা মিউজিক ভিডিও নির্মাতা বিভাগে শুভব্রত সরকার, সেরা কাভার ডিজাইন বিভাগে সৈয়দ কামাল ও সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার বিভাগে মিশাইল কবির সমালোচনা পুরস্কার পেয়েছেন।
সেরা ছায়াছবির গান বিভাগে সমালোচনা পুরস্কার পেয়েছে ‘ভালোবাসা আজকাল’ ছবিতে কিশোর ও ন্যান্সির কণ্ঠে গাওয়া ‘এই প্রথম একটি মুখ’।
‘নিমন্ত্রণ’ অ্যালবামের ‘তুমি চাইলে’ গানের জন্য সেরা আধুনিক গান বিভাগে তাহসান, ‘অতল জলের গান’ অ্যালবামের জন্য সেরা ব্যান্ড বিভাগে জলের গান, ‘স্মরণের জানালা’ অ্যালবামের ‘কাছে আসতে মানা’ গানের জন্য সেরা নবাগত শিল্পী বিভাগে স্মরণ, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবির ‘আমি নিঃস্ব’ গানের জন্য সেরা ছায়াছবির গান বিভাগে চন্দন সিনহা এবং ‘বনফুল’ অ্যালবামের ‘দালান দিলি’ গানের জন্য সেরা ফিউশন বিভাগে পপুলার চয়েস পুরস্কার পেয়েছেন কৃষ্ণকলি।
পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে দেশের প্রথম সারির নবীন ও প্রবীণ শিল্পীরা মঞ্চ পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, তপন মাহমুদ, ফেরদৌস আরা, আবিদা সুলতানা, রফিকুল আলম, ফরিদা পারভীন, আইয়ুব বাচ্চু, তাহসান, শাহনাজ বেলী, রিজিয়া পারভীন, দিনাত জাহান মুন্নী, কোনাল, কনা, আকরামুল ইসলাম, মনির খান, সজীব, অণিমা রায়, অভিক, নির্ঝর, ফকির শাহাবুদ্দিন, আরিফ, জনি খন্দকার, সুবর্ণা, স্মরণ, শফিক তুহিন, রন্টি দাস, ইমরান, ঝিলিক প্রমুখ।
এ ছাড়া ছায়াছবির জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন আনিসুর রহমান মিলন, তমা মির্জা, ওমর সানি, শিলা, সুমন ও প্রসূন আজাদ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনা করেন শহিদুল আলম সাচ্চু। ধারণকৃত অনুষ্ঠানটি শিগগির প্রচার করবে চ্যানেল আই।