আজীবন সম্মাননা পেলেন শাহনাজ রহমতউল্লাহ

দেওয়া হলো সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। চ্যানেল আইয়ের আয়োজনে এবারের আসরটি ১১তম। শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে এই অনুষ্ঠান ঘিরে বসেছিল শিল্পীদের মিলনমেলা। জমকালো এ অনুষ্ঠানেই প্রদান করা হয় সংগীতে ক্রিটিক ও পপুলার চয়েসে মোট ১৭টি ক্যাটাগরিতে ‘সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-১৬’।
অনুষ্ঠানে বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহকে দেওয়া হয় ‘আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড’। তাঁর হাতে উত্তরীয়, ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন, নায়করাজ রাজ্জাক ও বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও অনুষ্ঠান উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া।
সম্মাননা গ্রহণ করে শাহনাজ রহমতউল্লাহ বলেন, ‘এটি আমার শ্রোতাদের ভালোবাসারই অংশ। চ্যানেল আইকে ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতে হারানো শিল্পীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।’
অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ছিল দেশসেরা নবীন-প্রবীণ শিল্পীদের মনমাতানো বিভিন্ন পরিবেশনা।
পুরস্কার পেলেন যাঁরা : পপুলার চয়েস পুরস্কার পেয়েছেন আধুনিক গানে ফাহমিদা নবী, ছায়াছবির গানে সামিনা চৌধুরী, সেরা ব্যান্ড অবস্কিউর, সেরা গীতিকার রবিউল ইসলাম জীবন, নবাগত শিল্পী বিভাগে (যৌথভাবে) জিনিয়া জাফরিন লুইপা ও ঐশী।
ক্রিটিক শাখায় উচ্চাঙ্গসংগীতে (কণ্ঠ) প্রিয়াঙ্কা গোপ, রবীন্দ্রসংগীতে অদিতি মহসিন, নজরুলসংগীতে ইয়াসমিন মুশতারী, লোকসংগীতে মমতাজ, আধুনিক গানে কনকচাঁপা এবং ছায়াছবির গানে যৌথভাবে কোনাল ও বেলাল খান। এ ছাড়া কয়েকটি শাখায় পুরস্কার দেওয়া হয়।