আট বছর পর এক হলো 'অ্যাবা'

সত্তরের দশকের সাড়া জাগানো সুইডিশ ব্যান্ড ‘অ্যাবা’-এর চার সদস্য সম্প্রতি একত্র হয়েছিলেন দীর্ঘ আট বছর পর। সুইডেনের স্টকহোমে একটি নতুন রেস্তোরাঁর উদ্বোধন উপলক্ষে তাঁরা একসঙ্গে গানও গেয়েছেন।
এই রেস্তোরাঁটির ভাবনাটি ‘অ্যাবা’ থিমের ছবি ‘মামা মিয়া’-এর সেই গ্রিক টাভার্নার আদলে ভেবেছিলেন ‘অ্যাবা’ গানের দলটির সদস্য বিয়োর্ন উলভিউস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। উলভিউস ‘অ্যাবা’ ব্যান্ডের বাকি তিন সদস্য বেনি অ্যান্ডারসন, আনি-ফ্রিদ ‘ফ্রিদা’ লিংস্তা, ও আগনেথা ফেলৎসকোগের সঙ্গে এ অনুষ্ঠানে অংশ নেন। অ্যাবা’-এর সদস্যরা একসঙ্গে সর্বশেষ অনুষ্ঠান করেছিল ২০০৮ সালে।
রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে উলভিউস উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা আনন্দ করতে এক হয়েছি।’
এই অনুষ্ঠানের জন্য উপস্থিত ‘অ্যাবা’ভক্ত ও অতিথিরা প্রত্যেকেই ১১০ ইউরোর টিকিট কেটে ‘অ্যাবা’ ব্যান্ডের সেই বিখ্যাত ‘মামা মিয়া’ কনসার্টে ঢোকেন। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল স্টকহোমের গ্রোনা রোডের ‘টাইরল’ রেস্তোরাঁয়।
সত্তরের দশকে ইউরোপের সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন’ থেকে জনপ্রিয় ‘অ্যাবা’ ব্যান্ডের পথ চলার শুরু। সেই ১৯৭২ সাল থেকে ‘অ্যাবা’ ব্যান্ডের গানগুলো বিশ্বের জনপ্রিয় সংগীতের ইতিহাসে অন্যতম সফল গান হিসেবে বিবেচিত হয়ে আসছে।
যাত্রা শুরুর পর থেকে ১৯৮২ সাল পর্যন্ত বিশ্বের অধিকাংশ টপচার্ট তালিকায় ‘অ্যাবা’ ব্যান্ডের গানগুলোর অবস্থান শীর্ষেই ছিল। ‘অ্যাবা’ ব্যান্ডের গানের অ্যালবাম (২০০৮ সাল পর্যন্ত) বিশ্বব্যাপী বিক্রি হয়েছে প্রায় ৩ কোটি ৭৫ লাখ কপি। আর এর কারণেই ‘অ্যাবা’ বিশ্ব-সংগীতের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিক্রীত অ্যালবামের জনপ্রিয় ব্যান্ডে পরিণত হয়েছিল।
২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর বিশ্বব্যাপী ‘অ্যাবা’ ব্যান্ডের অ্যালবাম বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ লাখ কপি করে। ইংরেজি ছাড়া স্প্যানিশ ভাষায়ও ‘অ্যাবা’ তাদের গানের সংস্করণ বের করেছিল। ‘গ্রাসিয়াস পার লা মিউসিকা’ নামের এই অ্যালবামটি ছিল ‘অ্যাবা’ ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর স্প্যানিশ সংস্করণ।
‘অ্যাবা’ ব্যান্ডে থাকাকালীন ফেলৎসকোগ ও উলভিউস ছিলেন দম্পতি। এরপর একসময় লিংস্তা ও অ্যান্ডারসনও বিয়ে করেন। যদিও পরবর্তী সময়ে উভয় দম্পতির মধ্যেই বিবাহবিচ্ছেদ ঘটেছিল। জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময়ে এই ব্যান্ডের উভয় দম্পতিকেই যথেষ্ট চাপ সহ্য করতে হয়েছিল। ব্যান্ড সদস্যদের ঘনিষ্ঠ অনেকেই বলে আসছেন, কেবল এই মানসিক চাপ সহ্য করতে না পারার কারণেই ১৯৭৯ সালের দিকে উলভিউস-ফেলৎসকোগ দম্পতির বিচ্ছেদ ঘটেছিল। আর এর ঠিক দুই বছর পরে, ১৯৮১ সালে বিচ্ছেদ ঘটেছিল অ্যান্ডারসন-লিংস্তা দম্পতির।
‘অ্যাবা’ ভেঙে যাওয়ার পর একসময় নতুন করে মঞ্চের জন্য গান লেখা শুরু করেন অ্যান্ডারসন ও উলভিউস। এ বিষয়ে সাফল্যও পান তাঁরা। আর এদিকে লিংস্তা ও ফেলৎসকোগ বিচ্ছেদের পর একক সংগীতে তাঁদের ক্যারিয়ার গড়ার চেষ্টা করেন।
বিভিন্ন চলচ্চিত্রেও ‘অ্যাবা’ ব্যান্ডের গান যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ম্যুরিয়েল’স ওয়েডিং’ ও ‘অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’।
‘অ্যাবা’ ব্যান্ডের গানগুলো নিয়ে ১৯৯৯ সালে তৈরি হয়েছিল ‘মামা মিয়া’। ২০০৮ সালে এই গীতিনাট্যটির ওপরে ভিত্তি করেই নির্মিত হয়েছিল চলচ্চিত্র। ছবি মুক্তির পর সে বছর যুক্তরাজ্যের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে গণ্য হয়েছিল ‘মামা মিয়া’। ‘অ্যাবা’ ব্যান্ড ২০১০ সালে ১৫ মার্চ ‘দ্য রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ স্থান পায়। পিটিআই। এনডিটিভি। উইকিপিডিয়া।