আদেশকে মনে করলেন রুনা

উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা ও ভারতের সদ্য প্রয়াত সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তব একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াই করে ৫১ বছর বয়সে জীবনের চাকা থেমে যায় আদেশ শ্রীবাস্তবের। সহশিল্পীর এমন প্রস্থানে শোকাহত রুনা লায়লা।

স্মৃতি রোমন্থন করে রুনা লায়লা ফেসবুকে গানটির লিংক শেয়ার করে লিখেছেন, ‘জনপ্রিয় সংগীত পরিচালক আদেশের চলে যাওয়ায় আমি গভীরভাবে শোকাহত। তিনি আমারও সহশিল্পী ছিলেন। আমরা একসঙ্গে গেয়েছিলাম অগ্নিপথ ছবির এই গান। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
১৯৯০ সালে অগ্নিপথ ছবিতে ‘আলীবাবা মিল গ্যায়ে চালিস চোরো সে’ শিরোনামের গানে কণ্ঠ দেন তাঁরা দুজন। এর সুর ও সংগীত পরিচালনা করেন লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল। মুকুল এস আনন্দ পরিচালিত গানটিতে দেখা গেছে অমিতাভ বচ্চন, ড্যানি ডেনজংপা ও শক্তি কাপুরকে। ছবিটি প্রযোজনা করেন ‘ধর্ম প্রোডাকশন’-এর প্রতিষ্ঠাতা যশ জোহর।