আদেশের জন্য রুনার প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা ও আদেশ শ্রীবাস্তব
রুনা লায়লা ও আদেশ শ্রীবাস্তব

ক্যানসারের সঙ্গে লড়াই করে গত শুক্রবার দিবাগত রাতে ৫১ বছর বয়সী ভারতীয় সংগীতকার আদেশ শ্রীবাস্তব মারা গেছেন। সদ্যপ্রয়াত আদেশ শ্রীবাস্তবের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা। আদেশ শ্রীবাস্তবের এমন অকাল প্রস্থানে ভীষণ কষ্ট পেয়েছেন বাংলাদেশের এই প্রখ্যাত সংগীতশিল্পী। এক সময়ের সহশিল্পী আদেশের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন তিনি।
স্মৃতি রোমন্থন করে ফেসবুকে গানটির লিংক শেয়ার করে রুনা লিখেছেন, ‘জনপ্রিয় সংগীত পরিচালক আদেশের চলে যাওয়ায় আমি গভীরভাবে শোকাহত। তিনি আমার সহশিল্পীও ছিলেন। আমরা একসঙ্গে গেয়েছিলাম ‘অগ্নিপথ’ ছবির এই গান। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
১৯৯০ সালে ‘অগ্নিপথ’ ছবিতে ‘আলিবাবা মিল গ্যায়ে চালিস চোরো সে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা দু’জন। এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। মুকুল এস. আনন্দ পরিচালিত এ ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, ড্যানি ডেনজংপা ও শক্তি কাপুর। ছবিটি প্রযোজনা করেন করণ জোহরের বাবা যশ জোহর।
আদেশ শ্রীবাস্তব সুরকার হিসেবে জনপ্রিয় হয়েছিলেন ‘কাভি খুশি কাভি গাম’, ‘চলতে চলতে’, বাগবান ছবির গানে তাঁর সুরের কাজের জন্য। সুরকার হিসেবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম ব্যাক’ ছবির গানের সুর করাই তাঁর সর্বশেষ কাজ হয়ে থাকল।
২০১১ সালের দিকে আদেশ শ্রীবাস্তবের শরীরে প্রথম ক্যানসার ধরা পড়ে। কিন্তু তৃতীয়বারের মতো ক্যানসার ছড়িয়ে পড়ার কারণে এবারে আর উঠে দাঁড়াতে পারেননি সুরকার আদেশ।