
‘ভায়োলা বিচ’-এর প্রথম অ্যালবাম আসছে আগামী ২৯ জুলাই। এ এক আনন্দের সংবাদ এবং এ এক মর্মান্তিক সংবাদ। আনন্দের—ভক্ত ও পরিবারের সদস্যরা একসঙ্গে ব্যান্ডটির অনেক গান শুনতে পারবেন। মর্মান্তিক—ব্রিটিশ এই রক ব্যান্ডটির অ্যালবাম যখন আপনি শুনবেন, তখন ব্যান্ডটির কেউ আর বেঁচে নেই। দুর্ঘটনায় ম্যানেজারসহ ব্যান্ড দলটির চার সদস্যই মারা গেছেন।
খুব অল্প সময়েই সংগীতপ্রিয় মানুষের মন কেড়ে নিয়েছিল ব্যান্ডটি। ক্রিস লিওনার্দ, রিভার রিভস, টমাস লো, জ্যাক ডাকিনকে ঘিরে ২০১৩ সালে ইংল্যান্ডের ওয়ারিংটনে গড়ে ওঠে ‘ভায়োলা বিচ’। ম্যানেজার ছিলেন ক্রেইগ ট্যারি।
গত ফেব্রুয়ারি মাসে ‘হয়্যারস দ্য মিউজিক?’ উৎসবে অংশ নিতে সুইডেনে গিয়েছিলেন তাঁরা। কথা ছিল, এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাসে ‘সাউথ ওয়েস্ট’ উৎসবে অংশ নেবেন। কিন্তু সে যাওয়া আর হলো না। ঠিক এই সময়ই ঘটে দুর্ঘটনাটি।
সুইডেনের রাজধানী স্টকহোমের কাছে একটি মহাসড়কের সেতু থেকে ৮২ ফুট নিচে একটি খালে তাঁদের গাড়ি ডুবে যায়। গাড়িতে থাকা ক্রিস লিওনার্দ, রিভার রিভস, টমাস লো, জ্যাক ডাকিন ও ম্যানেজার ক্রেইগ ট্যারি মারা যান সেখানে।
মূলত ব্যান্ড দলটির সদস্যদের পরিবারের লোকেরাই এই অ্যালবাম বের করার কথা ভাবেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘আমরা তাদের গান শুনতে চাই। অল্প সময়ের মধ্যে ছেলেদের এই অর্জনে আমরা খুবই গর্বিত। আমরা বিশ্বাস করি, আমাদের সন্তানদের অ্যালবাম প্রকাশের মাধ্যমেই তাদের বাঁচিয়ে রাখতে পারব।’
অ্যালবামটি প্রকাশ করছে ওয়ারিংটনেরই ফুলার বিনস রেকর্ডস।
এদিকে গত এপ্রিলে ব্যান্ড দলটির সদস্যদের উৎসর্গ করে ওয়ারিংটনের পার হলে হয়ে গেল একটি কনসার্ট। এটির আয়োজক ছিলেন রেডিও ওয়ানের ডিজে ফিল ট্যাগার্ট। ব্যান্ড দলটির প্রয়াত সদস্যদের জন্মস্থান ওয়ারিংটনে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করার পরিকল্পনাও রয়েছে।
অ্যালবামটিতে ভায়োলা বিচ-এর নয়টি গান রয়েছে। বিবিসি।