আনন্দ মেলায় 'নচিকেতা'

এবার বিটিভির ঈদ ‘আনন্দ মেলা’য় আমন্ত্রিত অতিথি হিসেবে ওপার বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতাকে দেখা যাবে। গতকাল রোববার দর্শকের উপস্থিতিতে নচিকেতার পর্বটি ধারণ করা হয় বিটিভির অডিটোরিয়ামে। জানা গেছে, ‘আনন্দ মেলা’য় অংশগ্রহণের জন্য শনিবার নিজস্ব যন্ত্রশিল্পীদের নিয়ে ঢাকায় আসেন তিনি।

দর্শকের উপস্থিতিতে এই পর্বে দর্শকদের অনুরোধে নিজের গাওয়া বেশ কিছু জনপ্রিয় গানের অংশবিশেষ গেয়ে শোনান নচিকেতা। এর মধ্যে বৃদ্ধাশ্রম, অঞ্জনা, সরকারি কর্মচারীসহ আরও কিছু গান রয়েছে। তাঁর সঙ্গে সাক্ষাৎকার পর্বে অনুষ্ঠানের উপস্থাপক আবেদ খান বলেন, নচিকেতা বরিশালেরই ছেলে। তিনি এ দেশেরই সন্তান। তাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আর নচিকেতা ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য বিটিভি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান। ‘আনন্দ মেলা’ প্রচারিত হবে বিটিভিতে ঈদের দিন রাতে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।