আনিকার বাসনা

ব্যান্ডের গান গাইতে ভালোবাসেন আনিকা। প্রথম আলোর ফেসবুক লাইভ ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ রাত সাড়ে ১০টায় শোনা যাবে তাঁর গান।

মঞ্চে গাইছেন তাসনিম আনিকাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান করছেন, এটাই আনিকার স্বপ্ন। স্বপ্নের ওপারে তবু কিছু বাসনা থাকে মানুষের! থাকে না? গান গাইতে গাইতে সেসব নিয়েও ভাবছেন এই তরুণ কণ্ঠশিল্পী। করোনা মহামারির পর সেই ভাবনাগুলো আরও গভীর হয়ে উঠেছে। সে কথা আসবে আরও পরে। আগে বলে নেওয়া যাক আজকের কথা। তাসনিম আনিকা আজ গান শোনাবেন। প্রথম আলোর ফেসবুক লাইভ ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে রাত সাড়ে ১০টায় শোনা যাবে তাঁর গান।

তাসনিম আনিকা
ছবি: সংগৃহীত

ব্যান্ডের গান গাইতে ভালোবাসেন আনিকা। প্রথম আলোর ফেসবুক লাইভে আজ তিনি শোনাবেন ‘তারাভরা রাতে’, ‘আমায় ডেকো না’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘ময়ূরকণ্ঠী’, ‘মায়াবী রাতে’ গানগুলো। তিনি জানান, জ্যেষ্ঠ শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ গানগুলো বাছাই করেছেন তিনি। এ অনুষ্ঠানের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার এই সময়ে এটি আমার কাছে একেবারে নতুন এক অভিজ্ঞতা। সিদ্ধান্ত নিয়েছি, নিজে নিজে এভাবে লাইভ অনুষ্ঠান করা ও অনুষ্ঠানের জন্য দৃশ্যধারণ করা শিখব। বাড়িতে হোম স্টুডিও করার সব প্রস্তুতি নিয়ে ফেলেছি।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মঞ্চে হৃদয় খানের সঙ্গে গান করে সবার নজর কেড়েছিলেন আনিকা। তিনি গেয়েছিলেন রিয়ানার ‘সাইন ব্রাইট লাইক আ ডায়মন্ড’ গানটি। তাঁর রক্তে ছিল গান। বাবা মঈন উদ্দিন জেমিং ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন। চট্টগ্রামে বেশ সুনাম ছিল দলটির। ভবিষ্যতে বাবার ব্যান্ডটাকে পুনরুজ্জীবিত করার ইচ্ছে তাঁর। এটা আনিকার অন্যতম বাসনা।

মঞ্চে গাইছেন আনিকা
ছবি: সংগৃহীত

লকডাউনে অনলাইনে বসে বসে গিটার আর উকুলেলে বাজানো শিখেছেন আনিকা। পাশাপাশি বুকের ভেতর উদ্বেগ চাপা দিয়ে ভেবেছেন, স্টেজ শো নেই! জীবনে কিছুই তো নিশ্চিত নয়। স্টেজ শো বন্ধ হলে রোজগারও বন্ধ। প্রায় নিয়মিত করপোরেট শো করতেন তিনি। ভেবেছেন, যদি সবকিছু স্বাভাবিক না হয়! কী হবে? করোনার বিপর্যয়ে তিনি উপলব্ধি করেছেন, প্রত্যেক মানুষের একটি বিকল্প দক্ষতা থাকা দরকার, যা তাঁকে বিকল্প একটি পেশায় যাওয়ার সুযোগ করে দেয়। তিনি বলেন, ‘আমি ভেবেছি মেয়েদের একটি পোশাকের ব্র্যান্ড করব।’ এটা আনিকার আরেক বাসনা। তিনি বলেন, ‘ব্যবসায় প্রশাসনে পড়ালেখা করেছি বলে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আমাকে তাড়িয়ে বেড়ায়। তবে গানই এখন আমার ধ্যানজ্ঞান। পেশাদার শিল্পী হিসেবে ব্যবসা-বাণিজ্যের পড়ালেখাটা বেশ কাজে লাগবে।’ হওয়ার আগেই ভেঙে যাওয়া প্রেম নিয়ে খুব বেশি নিরাশ নন আনিকা। যথাযথ মানুষটি পেলে একদিন বিয়ে করবেন। এ নিয়ে বাড়তি কোনো চাওয়া-পাওয়া নেই তাঁর।

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আনিকার বেশ কয়েকটি মৌলিক গান। সেগুলোর মধ্যে আছে ‘ইচ্ছেরা’, ‘পারি না’, ‘অভিমান’, ‘পাগলামি’, ‘কাঁটাতার’ (মেজবাহ বাপ্পীর সঙ্গ ডুয়েট), ‘লুকোচুরি প্রেম’ (হৃদয় খানের সঙ্গে গাওয়া নাটকের গাওয়া)। বালামের সুর-সংগীতায়োজনে ‘খোলা আকাশ’ গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে। শ্রোতা ও দেশবাসীর কাছে শুভকামনা প্রত্যাশা করেছেন তিনি।