আনুশেহ্ কোথায়?

বেশ কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত আনুশেহ্ আনাদিল। বন্ধুদের আড্ডাতেও দেখা যায় না তাঁকে। তাঁর প্রতিষ্ঠান যাত্রা নিয়েও কোনো তৎপরতায় নেই তিনি। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, আনুশেহ্ এখন কোথায়? জবাবটা হলো, আনুশেহ্ এখন আছেন ভারতের গোয়ায়। গত জুনের শেষ দিকে সেখানে যান তিনি, এখন সেই শহরেই দুই ছেলেমেয়ে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছেন।
আনুশেহ্র খোঁজ নিতে কথা হয় তাঁর মা নৃত্য গবেষক লুবনা মারিয়ামের সঙ্গে। তিনি জানান, বেশ লম্বা সময় আনুশেহ্ গোয়াতে থাকতে চান। শহরটা নাকি বেশ মনে ধরেছে তাঁর। সেখানে বসেই অনলাইনে নিজের প্রতিষ্ঠান যাত্রার কাজ তদারকি করছেন। তা ছাড়া গানবাজনাও চালিয়ে যাচ্ছেন। আনুশেহ্র গানের খবর জানতে চাইলে গোয়ার স্থানীয় পত্রিকার খবরের অংশবিশেষ পাঠান। সেগুলো থেকে জানা যায়, আনুশেহ্ স্থানীয়ভাবে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে গানও গাইছেন। আগামী ৯ সেপ্টেম্বর কলকাতার কলামন্দিরে একটি সংগীতানুষ্ঠানে আনুশেহ্র গান গাওয়ার কথাও জানালেন লুবনা মারিয়াম। ‘দুই কন্যার গান’ শিরোনামের ওই অনুষ্ঠানে আনুশেহ্র সঙ্গে কৃষ্ণকলিও অংশ নেবেন।
আনুশেহ্র ফেরার বিষয়ে জানতে চাইলে তাঁর মা জানান, তা একমাত্র আনুশেহ্ই বলতে পারবেন। কিন্তু তিনি তো এখন রীতিমতো ধরাছোঁয়ার বাইরে! গোয়ার সমুদ্রতীরে তিনি নিভৃতে আছেন। ই-মেইলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি জবাব।
তবে আনুশেহ্ যে গানের সঙ্গেই আছেন, তা দিব্যি বোঝা যাচ্ছে ওই এলাকার পত্রিকাগুলোর খবরে।