আন্তর্জাতিক শিক্ষক দিবসে ইমন সাহার গান

৫ অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস। এই দিনে নিজের শিক্ষক ও বিশ্বের সব শিক্ষককে শ্রদ্ধা জানাতে প্রকাশিত হচ্ছে ইমন সাহার সুর ও সংগীতে নতুন গানের ভিডিও ‘থ্যাংক ইউ টিচার’। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে সেদিন সকাল থেকে গানটি প্রচারিত হবে।
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা এই গানে কণ্ঠও দিয়েছেন। এতে আরও কণ্ঠ দিয়েছেন কনা, কোনাল, কিশোর ও সজল। সুদীপ কুমারের লেখা গানটি বছর দেড়েক আগে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে ধারণ করা হয়। গানটির ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ হোসেন জেমী।
ইমন সাহা বলেন, ‘দীর্ঘ সংগীতযাত্রায় আমি অনেকের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। মনে হলো, এ জন্য শিক্ষকদের গানে গানে শ্রদ্ধা জানাই। মূলত নিজের শিক্ষক এবং পৃথিবীর সব শিক্ষককে শ্রদ্ধা জানাতেই গানটি তৈরি করা। এটা কিন্তু আমার অন্য গানের মতো নয়। কবিতার আদলে তৈরি এই গানের কথাগুলো খুবই চমৎকার।’
‘থ্যাংক ইউ টিচার’ নামের গানের মিক্স মাস্টারিং করেছেন চেন্নাইয়ের জেরি সিলভারস্টার ভিনসেন্ট। ইমন সাহা এও জানান, এই মুহূর্তে তিনি তাঁর নতুন একক গানের অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। বছরের শেষ দিকে অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন।