আবদুল আলীমের গান গাইলেন রাফাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফাত খান
রাফাত খান

লোকসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী আবদুল আলীমের গাওয়া ‘পরের জায়গা পরের জমি’ গানটি নতুন সংগীতায়োজনে গাইলেন এই প্রজন্মের গায়ক রাফাত খান। ‘জমিন’ শিরোনামে গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। এরই মধ্যে গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে।
রাফাত খানের গানের হাতেখড়ি তাঁর বাবা নজরুলসংগীতশিল্পী শহীদুল ইসলামের কাছে। ছোটবেলা থেকে বাবার কাছে তিনি নজরুল ও শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন। রাফাত কয়েক বছর ধরে নিয়মিতভাবে গান গাইছেন। বিভিন্ন মিশ্র অ্যালবামে তাঁর গান স্থান পেয়েছে। চার বছর আগে রাফাতের প্রথম একক গানের অ্যালবাম নীল জোছনা প্রকাশিত হয়। বন্ধুরা মিলে একটি গানের দলও গড়ে তুলেছিলেন। এখন অবশ্য এককভাবে গানের ক্যারিয়ার নিয়ে ভাবছেন এই শিল্পী।
নতুন সংগীতায়োজনে আবদুল আলীমের গানটি গেয়ে রাফাত বলেন, ‘এটা আমার খুব পছন্দের একটি গান। এই গানের কথাগুলো আমাকে প্রায়ই ভাবায়। তাই অনেক আগে থেকে পরিকল্পনা ছিল গানটি নতুন সংগীতায়োজনে নিজের কণ্ঠে তোলার। পাশাপাশি লোকগানের একজন কিংবদন্তিকে সম্মান জানানোও হলো।’
এম রেকডর্সের ব্যানারে নির্মিত ‘জমিন’ গানের ভিডিওচিত্রের শুটিং হয়েছে ঢাকা, বরিশাল ও মানিকগঞ্জের আরিচা ঘাটে। এর নির্মাতা মাহমুদউল্লাহ সোহাগ। এই গানের ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে রাফাতকে।