আবার একসঙ্গে সামিনা ও অপি

‘সময় যেন কাটে না, বড় একা একা লাগে’—সামিনা চৌধুরীর এই গানটি আবহসংগীত হিসেবে বেজেছিল একটি বিজ্ঞাপনে। সেই বিজ্ঞাপনের মডেল ছিলেন অভিনেত্রী অপি করিম। সে অনেক বছর আগের কথা। সে সময় এই গান ও অপির উপস্থাপনা—দুই-ই বেশ জনপ্রিয় হয়েছিল। লম্বা সময় পর সেই শিল্পীর গান এবং সেই মডেল আবারও একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। সামিনা চৌধুরীর নতুন একটি গানের মডেল হলেন অপি করিম। অপির সঙ্গে মিউজিক ভিডিওতে আরও অভিনয় করেছেন অভিনেতা শাহেদ শরীফ খান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

মঙ্গলবার শেষ হয়েছে ‘চলো অন্তহীন’ গানটির মিউজিক ভিডিওর শুটিং, এমনটাই জানালেন এর নির্মাতা। তিনি আরও জানান, ভিডিওতে মডেলদের পাশাপাশি শিল্পী সামিনা চৌধুরীকেও দেখা যাবে। সামিনা চৌধুরী তাঁর এই গানের ভিডিও এবং এর মডেল অপিকে নিয়ে বলেন, ‘খুব লক্ষ্মী মেয়ে অপি। সে তো আমার জন্য খুব লাকি। এর আগে অপি আমার “সময় যেন কাটে না” গানের সঙ্গে যখন পারফর্ম করেছিল, তখন তা সবাই খুব পছন্দ করেছিল। এবারও আমি এই ভেবে খুব খুশি যে আমার গানের সঙ্গে অপি থাকছে। সেই সঙ্গে শাহেদ আর চয়নিকার কাছেও আমি কৃতজ্ঞ।’
‘চলো অন্তহীন’ গানটি লিখেছেন আসিফ ইকবাল। গানের সুর ও সংগীত অদিতের। সম্প্রতি মুক্তি পাওয়া মিশ্র অ্যালবাম চলো অন্তহীন-এর গান এটি। গানটির গীতিকার ও অ্যালবামের সমন্বয়ক আসিফ ইকবাল জানান, মিউজিক ভিডিওটি ঈদের আগেই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। তা ছাড়া অ্যালবামের প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে অপি করিম ও শাহেদ অভিনীত এই মিউজিক ভিডিওটি। আর এই গানটি শোনা যাবে জিপি মিউজিকে।