আবার জেমস

আবার চলচ্চিত্রে গান গেয়েছেন জেমস। ছবির নাম জিরো ডিগ্রি।পরিচালক অনিমেষ আইচ। জেমসের ব্যবস্থাপক রবিন ঠাকুর জানিয়েছেন, গত সপ্তাহে গানটিতে কণ্ঠ দিয়েছেন জেমস। গােনর শিরোনাম ‘ভালোবাসা ও ঘৃণা’। লিখেছেন অনিমেষ আইচ। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।
জিরো ডিগ্রি ছবির অন্যতম প্রযোজক ও অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ বলেন, ‘চমৎকার একটা গান গেয়েছেন জেমস। তিনি ছাড়া এই গানের জন্য আমরা আর কাউকে ভাবতে পারিনি। গানটা আরও আগেই তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু জেমস খুব ভালো কিছু করার জন্য একটু সময় নিয়েছেন। এই সময় গানটা নিয়ে অনেক ভেবেছেন তিনি। আমরা ছবিতে এটি টাইটেল গান হিসেবে ব্যবহার করব। শুধু এই গানটি নিয়েই আমরা আলাদা প্রচারণার ব্যবস্থা করব। আর তাতে অংশ নেবেন জেমস।’
জেমস এর আগে ২০০৫ সালে প্রিন্স মাহমুদের আরেকটি গান গেয়েছিলেন। সেই গানটি ছিল ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’। প্রিন্স মাহমুদের যন্ত্রণা অ্যালবামে রয়েছে গানটি।
ঢাকার চলচ্চিত্রে জেমস সর্বশেষ গান গেয়েছেন শাহ আলম কিরণের মাটির ঠিকানা ছবিতে। জানা গেছে, এ বছরই ঢাকার একাধিক ছবিতে গান গাওয়ার সম্ভাবনা আছে তাঁর।