আবার বাবার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ব্রিটনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটনি স্পিয়ার্স
ইনস্টাগ্রাম

পপশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের নতুন গান নেই, নেই সিনেমা। তবু মার্কিন মুলুকের এই গায়িকা আর নায়িকা আছেন আলোচনায়। কিছুদিন পরপরই তিনি আলোচনায় থাকেন বাবার সঙ্গে আইনি লড়াই নিয়ে। এবারও তার ব্যতিক্রম নয়। ব্রিটনি তাঁর আইনি অভিভাবকের জায়গা থেকে বাবার নাম মুছেই ছাড়বেন। নয়তো নতুন গান, স্টেজ শো কিছুই করবেন না বলে পণ করেছেন তিনি।

কয়েক বছর ধরেই গণমাধ্যমে আলোচিত বিষয় ব্রিটনি আর তাঁর বাবা জেমি স্পিয়ার্সের লড়াই। ব্রিটনি চান না, বাবা তাঁর আইনি অভিভাবক থাকুন। কিন্তু বাবা অভিভাবকত্ব রাখতে অটল। দুইবার বিয়ে ভাঙার পর আর বিয়ে করবেন না বলে জানিয়েছেন ব্রিটনি। পাঁচ বছর ধরে দুই ছেলেকে নিয়ে এক ছাদের নিচে আছেন ২৬ বছর বয়সী ইরানি মার্কিন প্রেমিক স্যাম আসগারির সঙ্গে।

ব্রিটনি স্পিয়ার্স
ইনস্টাগ্রাম

১৩ বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম লেখানো এই তারকা বাবার বিরুদ্ধে আবারও অভিযোগ করেছেন। এবার তিনি জানিয়েছেন, তাঁর বাবা নাকি তাঁর টাকা নিয়ে অনুমতি ছাড়াই নিজের ব্যবসা শুরু করেছেন। এর আগে বলেছিলেন, তাঁর বাবা নাকি ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাঁকে মানসিক রোগের ওষুধ খেতে বাধ্য করেছেন। উদ্দেশ্য ছিল, ব্রিটনিকে মানসিকভাবে বিকারগ্রস্ত প্রমাণ করা এবং তাঁর সব সম্পদ কেড়ে নেওয়া। তাঁর প্রায় ৫৫০ কোটি টাকার সম্পদের দেখভালের দায়িত্ব থেকে বাবাকে সরাতে চান ব্রিটনি।

অন্যদিকে ব্রিটনির বাবা তাঁর আগের বক্তব্যে অটল। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে প্রথম দিনের মতোই ভালোবাসি। আমি সব সময় তাঁর পাশে ছিলাম। ১২ বছরের বেশি সময় ধরে আমি তাঁকে এবং তাঁর সম্পদের দেখভাল করেছি, এখনো করছি। ব্রিটনি আমার থেকে দূরে থাকলে আমার কষ্ট হয়। বাবা হিসেবে আমি সব সময় তাঁর সর্বোচ্চ মঙ্গল চাই, সব সময়।’ সূত্র: সিএনএন