আবার মা হলেন ন্যান্‌সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্‌সি
ছবি: ফেসবুক থেকে

আবার মা হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। আজ বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার বেলা সোয়া তিনটায় অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ন্যান্‌সি। তিনি হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক আঞ্জুমান আরা বেগমের তত্ত্বাবধানে ছিলেন।

শিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। ছবি: সংগৃহীত

রোদেলা ও নায়লা নামে ন্যান্‌সির আরও দুটি কন্যা সন্তান রয়েছে তাঁর। তৃতীয় মেয়ের পৃথিবীতে আগমনের খবরে বেশ আনন্দিত ন্যান্‌সির স্বামী মোহসীন মেহেদী। গত বছরের সেপ্টেম্বরে মোহসীন মেহেদীকে ভালোবেসে বিয়ে করেন ন্যান্‌সি। তিনি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত। তাঁর লেখা কয়েকটি গানও প্রকাশিত হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে মোহসীন মেহেদীকে ভালোবেসে বিয়ে করেন ন্যান্‌সি

গানের সূত্রেই মোহসীন মেহেদীর সঙ্গে ন্যান্‌সির পরিচয় হয় বলে জানা গেছে। ২০২০ সালে মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়। ন্যান্‌সি ২০০৬ সালের জানুয়ারিতে ব্যবসায়ী আবু সাঈদকে ভালোবেসে বিয়ে করেন। তাঁদের সংসারে রোদেলা নামে একটি কন্যাসন্তান আছে। প্রথম সংসারে বিচ্ছেদের পর ২০১৩ সালে ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি।