
গতকাল থেকে শুরু হয়ে গেছে নিবন্ধন। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে মধুর লহরিতে এ মাসের শেষ ভাগে আবার মাতবে বাংলাদেশ। তাই বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত তৃতীয়বারের মতো ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাংলাদেশ-২০১৪’-এ যোগ দিতে চাইলে এখনই আপনি বসে যেতে পারেন আপনার কম্পিউটারের সামনে। অনলাইন নিবন্ধনের জন্য এটাই আপনার উপযুক্ত ঠিকানা। অন্তর্জালে ঢুকে খুঁজতে পারেন বেঙ্গল ফাউন্ডেশনের ওয়েবসাইটটি। (www.bengalfoundation.org) ঠিকানায় গেলেই আপনি একটি অনলাইন আবেদনপত্র পেয়ে যাবেন। সেটি পূরণ করে সেন্ড বাটন টিপে পাঠিয়ে দিতে হবে। আপনার ই-মেইল ঠিকানায় বিনা মূল্যে চলে আসবে আপনার আমন্ত্রণপত্রটি। ওটা প্রিন্ট করে আপনি হাজির হয়ে যাবেন উৎসবে। উপভোগ করবেন সংগীত। যদি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না থাকে, থাকে আপনার মুঠোফোনে, তাহলেও আপনি নিবন্ধন করতে পারবেন। আপনার ফোন থেকে BENGAL লিখে ৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিন এসএমএস।
শুধু অনলাইন নিবন্ধনই চলছে না। আপনি অফলাইনেও নিবন্ধন করে অংশ নিতে পারেন উৎসবে। এ জন্য ধানমন্ডির বেঙ্গল গ্যালারি, এয়ারপোর্টের কাছে বেঙ্গল সেন্টার, বনানীর অরণ্য ও কারওয়ান বাজারের ডেইলি স্টার-বেঙ্গল প্রিসিঙ্কটে এসে নিবন্ধন করতে পারেন। সীমিত নিবন্ধন সম্ভব হবে ভেন্যুতেই, উৎসব চলাকালে। বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানা গেছে, একটি নির্দিষ্টসংখ্যক নিবন্ধনের পর অনলাইনে নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।
২০১২ সালে প্রথমবারের মতো বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের উৎসব বসেছিল। অসংখ্য তরুণের উপস্থিতি সে উৎসবকে বর্ণিল করে তুলেছিল। উচ্চ মানের সংগীতের প্রতি সব বয়সী মানুষের আগ্রহের বিষয়টিই প্রমাণ করে দেয় সে উৎসব। তৃতীয় বারের মতো অনুষ্ঠেয় এই উৎসবটি এবার সময়ের দিক থেকে দুই দিন বাড়ল, অর্থাৎ তিন দিন নয়, এবার উৎসব হবে পাঁচ দিন। ২৭ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১ ডিসেম্বর। এ বছর উৎসব উৎসর্গ করা হয়েছে পল্লিকবি জসীমউদ্দীনকে। উৎসবে ১৬০ জনেরও বেশি শিল্পী অংশ নেবেন। পাঁচ দিনে মোট ৫৫ ঘণ্টা সুরসুধায় অবগাহন করবেন সংগীতপ্রেমীরা।
এ বছর প্রথমবারের মতো উৎসবে যোগ দিচ্ছেন বিশ্বখ্যাত বিদুষী কিশোরী আমনকার ও সরোদ মায়েস্ত্রো ওস্তাদ আমজাদ আলী খান। এ ছাড়া প্রথমবারের মতো আরও আসছেন মালবিকা সাররুকাই (ভরতনাট্যম), কড়াইকুড়ি মানি (কর্ণাটকি তবলাবাদ্য), মঞ্জুষা পাতিল (কণ্ঠ), কুশল দাস (সেতার)।
তা ছাড়া গত দুই উৎসবে সুর ও বাদনের মূর্ছনায় মোহিত করেছিলেন যাঁরা-ওস্তাদ শাহিদ পারভেজ, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত শিবকুমার শর্মা, বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, বিদুষী অরুণা সাইরামসহ আগের দুই উৎসবে আসা অনেক শিল্পীকে পাওয়া যাবে এবারও। এখানে পরিবেশনা নিয়ে হাজির থাকবেন বাংলাদেশি শিল্পীরাও। এ বছরের উৎসবের একটি বৈশিষ্ট্য হলো, প্রথিতযশা বাংলাদেশি শিল্পীদের সম্মিলিত কণ্ঠে বাংলা গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে প্রথম ও শেষ দিনের অধিবেশন।
স্কয়ার নিবেদিত এ উচ্চাঙ্গসংগীত উৎসবে বরাবরের মতো এবারও সার্বিক সহযোগিতায় আছে প্রথম আলো ও ডেইলি স্টার।