আবার 'কোটিপতি' ইমরান
বছর না পেরোতেই আবার কোটির মাইলফলক ছুঁয়ে ফেললেন এ সময়ের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক ইমরান। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে আজ বুধবার রাত দশটা পর্যন্ত তাঁর গাওয়া ‘ফিরে আসো না’ গানটি এক কোটি চার হাজার দুই শত চৌদ্দবার দেখা হয়েছে। এ নিয়ে তাঁর গাওয়া তিনটি গান কোটিবার দেখা হলো।
ইমরান বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো গান কোটিবার দেখার ব্যাপারটা সত্যি অনেক বড় একটা ঘটনা। একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য ভীষণ আনন্দের। আমি চাইব, শুধু আমার গান কেন, সহকর্মী শিল্পী যাঁরাই আছেন তাঁদের গাওয়া গানও কোটি অথবা কোটির বেশি দেখার মাইলফলক স্পর্শ করবে। আর এভাবেই বাংলাদেশর গান বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে।’
‘ফিরে আসো না’ গানটির কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। সংগীতার ব্যানারে প্রকাশিত ‘বলতে বলতে চলতে চলতে’ অ্যালবামে এই গানটি স্থান পায়।
২০১৬ সালের এপ্রিলে প্রথমবার ইউটিউবে ইমরানের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গান কোটিবার দেখার মাইলফলক স্পর্শ করে। আর এ মাসের শুরুতে তাঁর গাওয়া সিনেমার গান ‘দিল দিল’ ইউটিউবে কোটিবার দেখা হয়। সব মিলিয়ে এক বছরের মধ্যে শ্রোতাদের কাছে নিজের গাওয়া তিনটি গান কোটিবারের বেশি দেখা হওয়ার সবার কাছে কৃতজ্ঞ ইমরান। তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে “ফিরে আসো না” গানটিও কোটির ঘরে পৌঁছাল। এর আগে সবার ভালোবাসায় ‘বলতে বলতে চলতে চলতে’ এবং ‘দিল দিল’ গান দুটিও কোটির ঘরে পা রাখে। এসব গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা ও ভালোবাসা আমার সকল শ্রোতা-দর্শকদের, তাঁদের ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। আশা করছি ভবিষ্যতেও তাঁদের এই ভালোবাসা অব্যাহত থাকবে, যা আমাকে আরও ভালো গান করার ব্যাপারে উৎসাহী করবে। জয় হোক বাংলা গানের’।
এ দিকে আগামী পয়লা বৈশাখে ফুয়াদের সংগীতায়োজনে ‘ধোঁয়া’ শিরোনামের একটি গানের ভিডিও নিয়ে আসছেন ইমরান। এরই মধ্যে গানটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।