আবারও উত্তরবঙ্গ উৎসবে চিরকুট

এ বছর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত উত্তরবঙ্গ উৎসবে গান করেছিল বাংলাদেশের ব্যান্ড চিরকুট। ওই উৎসবে চিরকুট গান করেছিল সমাপনী অনুষ্ঠানে। আবারও একই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে চিরকুটকে। এবার চিরকুট গান করবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের বালুঘাটে এই উৎসব শুরু হবে ৭ জানুয়ারি।
চিরকুটের অন্যতম সদস্য সুমি বলেন, ‘এই উৎসবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অংশ নেয়। আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। উৎসবের চিরকুটের গান শুনে অনেকেই প্রশংসা করেছিল। এরই ধারাবাহিকতায় চিরকুটকে আবারও আমন্ত্রণ জানানো হয়েছে। সাত দিনের এই উৎসবে কলকাতা এবং মুম্বাইয়ের অনেক সংগীতশিল্পী ও গানের ব্যান্ড গান করবে।’
সুমি আরও জানিয়েছেন, কলকাতার পর মার্চ মাসে চিরকুট গান করবে যুক্তরাষ্ট্রের অস্টিনে সংগীত ও চলচ্চিত্র উৎসব ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ (এসএক্সএসডব্লিউ) । এই উৎসবে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের দুই সহস্রাধিক অভিনয়শিল্পী, নির্মাতা, গানের দল ও সংগীতশিল্পী। আগামী বছর ১১ থেকে ২১ মার্চ পর্যন্ত হবে এই উৎসব। অস্টিনের শতাধিক ভেন্যুতে হবে উৎসবের অনুষ্ঠানগুলো। এ ছাড়া, আগামী বছর দেশের বাইরে আরও কয়েকটি কনসার্টে গান করবে চিরকুট।