আবারও নাটকের গানে চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুটের সদস্যরা
চিরকুটের সদস্যরা

নুরুল আলম আতিকের ‘জাদুর শহর’ ধারাবাহিকের ‘জাদুর শহর’ গানটির কথা মনে আছে। একটি নাটকের শিরোনাম গান কতটা জনপ্রিয় হতে পারে, ‘জাদুর শহর’ তার একটি উদাহরণ। এ গানটি গেয়েছিল ‘চিরকুট’। এরপর চিরকুটের গাওয়া রেদওয়ান রনির ‘কিক-অফ’ টেলিছবির ‘একটা ছেঁড়া দিন’ গানটিও জনপ্রিয় হয়। এবারে ‘চিরকুট’ ব্যান্ডের সদস্যরা আরেকটি ধারাবাহিকের জন্য গান গেয়েছে। এই ধারাবাহিকটির নাম ‘খুঁজে ফিরি তাকে’। দীপ্ত টিভির জন্য তৈরি হচ্ছে ধারাবাহিকটি।

চিরকুটের অন্যতম সদস্য সুমি জানিয়েছেন, ‘জাদুর শহর’ গানটির ভাবনা ছিল একেবারেই অন্যরকম। আবার ‘খুঁজে ফিরি তাকে’ ধারাবাহিকের জন্য তৈরি ‘সবাই কি আর আমার মতো একা’ গানটি আরেক রকম। সুমি জানান, গানটির কথা আর সুর চিরকুটের।

সুমি বলেন, ‘এগুলো ফরমায়েশি কাজ। পরিচালক যেমন চান, সেভাবেই করা হয়। সেদিক থেকে এ গানগুলো যথেষ্ট ভালো।’ তিনি বলেন, ‘আমি তো বলব, শুধু চিরকুটের ভক্তরাই নয়, নতুন গানটি সবার ভালো লাগবে। ‘খুঁজে ফিরি তাকে’ ধারাবাহিকের মূল ভাবনা নিয়ে গানটি।’

গতকাল রোববার সন্ধ্যায় তেজগাঁওয়ে দীপ্ত টিভির কার্যালয়ে এক মতবিনিময় আড্ডার আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন টিভি চ্যানেলটির চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ। নতুন এই টিভি চ্যানেলের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। উরফি জানান, আগামী নভেম্বর মাসে নিয়মিত সম্প্রচার শুরু করতে যাচ্ছে দীপ্ত টিভি। এ সময় তাঁর সঙ্গে আরও ছিলেন দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।