আবারও প্লেব্যাকে ইমরান-পড়শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়শী ও ইমরান
পড়শী ও ইমরান

বছর তিনেক আগে ‘স্টোরি অব সামারা’ ছবিতে একসঙ্গে প্লেব্যাক করেছিলেন ‘সেরাকণ্ঠ’খ্যাত ইমরান মাহমুদুল ও ‘খুদে গানরাজ’খ্যাত পড়শী।

এরপর মাঝের সময়ে আর কোনো ছবিতে প্লেব্যাক করতে দেখা যায়নি নতুন প্রজন্মের এই দুই সংগীতশিল্পীকে। সম্প্রতি আবারও দুজন একসঙ্গে প্লেব্যাকে অংশ নিলেন। সাফি উদ্দিন সাফির ‘মিসডকল’ ছবিতে ‘ভালোবাসার ছবি আঁকতে, শুধু তোমাকে চাই’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন তাঁরা।

কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। গতকাল শুক্রবার শওকত আলী ইমনের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়।

প্লেব্যাকে বিরতি ঘটলেও ইমরান ও পড়শী অ্যালবামের গানে একসঙ্গে নিয়মিতই কণ্ঠ দিয়ে আসছেন।

এ ব্যাপারে পড়শী বলেছেন, ‘প্লেব্যাক করার বিষয়টি ছবির প্রযোজক, পরিচালকের ওপর নির্ভর করে। তাঁরা চাইলে নিয়মিত দুজন একসঙ্গে কাজ করা সম্ভব।’

একই কথা জানালেন ইমরানও। তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, সুযোগের অভাবেই এত দিন হয়নি। তবে আমাদের দুজনের গানের রসায়নটা ভালো।’ 


এদিকে শওকত আলী ইমনের সুর ও সংগীতে এটি ইমরানের দ্বিতীয় গান হলেও পড়শীর এটি প্রথম অভিজ্ঞতা। এ কারণে পড়শী বেশ খুশি। তিনি বলেছেন, ‘আমি যখন “খুদে গানরাজ” প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম তখন তিনি আমার একটি পর্বে বিচারক হিসেবে এসেছিলেন। তাঁর সুর ও সংগীতে প্রথম প্লেব্যাক করলাম। আমার জন্য এটি খুবই আনন্দের।’

ইমরান ও পড়শী প্রসঙ্গে শওকত আলী ইমন বলেছেন, ‘তারা দুজনই এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী। শ্রোতারা তাদের গান খুব পছন্দ করেন। সব চেয়ে বড় কথা, দুজনের মধ্যে কাজের প্রতি আন্তরিকতা অনেক বেশি। তাদের নিয়ে আরও ভালো কাজ করার ইচ্ছা আছে।’