আবারও শুভর ঠোঁটে তাহসানের কণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান
তাহসান

ছুঁয়ে দিলে মন ছবির টাইটেল গানটি মুক্তির পর থেকেই সবার মুখে মুখে ঘুরতে শুরু করে। তাহসানের গাওয়া সেই গানে ঠোঁট মিলিয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ। সেই সফলতার রেশ ধরেই কিনা জানা নেই, তবে আবারও এই শুভই ঠোঁট মেলাবেন তাহসানের গানে। নতুন ছবি মুসাফির-এর একটি গানে সম্প্রতি কণ্ঠ দিলেন তাহসান। আর এই ছবির প্রধান চরিত্রেই দেখা যাবে শুভকে। তাই পরিচালক, অভিনেতা ও গায়ক—সবাই আশা করছেন, আগেরবারের মতো এবারও তাঁদের এই গানটি পাবে সফলতার দেখা।
মুসাফির ছবির ‘পথ জানা নেই’ গানটি তাহসানের সংগীতজীবনে গাওয়া দ্বিতীয় চলচ্চিত্রের গান, এমনটাই জানালেন এই শিল্পী। এর আগে তাহসান নিজের সংগীত পরিচালনায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে একটি গান মিথিলার সঙ্গে গাইলেও তা চলচ্চিত্রে ছিল না। তাহসান বলেন, ‘সবাই আমাকে রোমান্টিক গানের গায়ক হিসেবে বেশি দেখেছেন। তবে এই গানটি একেবারেই অন্য ধরনের। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। আরবান পপ ঘরানার এমন গান আমি আগে কখনো করিনি। আমি মনে করি, বাংলাদেশি চলচ্চিত্রে এ ধরনের গান এক নতুন সংযোজন।’