আবারও 'বারবি গার্ল' নিয়ে ফিরছে অ্যাকুয়া

নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড অ্যাকুয়ার ‘বারবি ডল’ গানটির কথা মনে আছে নিশ্চয়ই? ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল এই গান। জনপ্রিয়তার দিক থেকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার টপ চার্টে ছিল এটি। যুক্তরাষ্ট্রের টপ চার্টেও ছিল সেরা ১০ গানের তালিকায়। এবার এই গানের ২০ বছর পূর্তি উপলক্ষে আবারও ফিরে আসছে অ্যাকুয়া ব্যান্ড।
২০১৭ সালের মে মাসে ‘বারবি ডল’ মুক্তির ২০ বছর পূর্ণ হবে। ড্যানিশ ব্যান্ড অ্যাকুয়ার চার সদস্য—সোরান নিসট্রম রেসটেড, ক্লাউস নরিন, লেনে নিসট্রম রেসটেড ও রেনে ডিফ—তাঁদের এই বিখ্যাত গানের বর্ষপূর্তি উদ্যাপন করতে দর্শকদের সামনে হাজির হবেন বলে জানা গেছে। এই উপলক্ষে ডেনমার্কের নানা শহরে তাঁরা কনসার্টের আয়োজন করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন।
অ্যাকুয়া যাত্রা শুরু করেছিল ১৯৮৯ সালে। তখন অবশ্য এই ব্যান্ডের নাম ছিল জয়স্পিড। ১৯৯৬ সালে ব্যান্ডটি নাম পাল্টে শ্রোতাদের সামনে নতুন করে নিজেদের উপস্থাপন করেন।
এর আগে ২০০৭ সালে তুমুল জনপ্রিয়তা পাওয়া গান ‘বারবি ডল’-এর ১০ বছর পূর্তিও তাঁরা বিশেষভাবে উদ্যাপন করেছিলেন। কসমোপলিটন